রাজ-মিমের সংসার ও সিয়াম-সুমির প্রেমের ঝলক (ভিডিও)

গল্পের মূল প্রেক্ষাপট একাত্তরের; মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের অদম্য লড়াই ও ভূমিকা নিয়ে। তবে সেটাকে এ সময়ের উপযোগী করে সাজিয়েছেন নির্মাতা রায়হান রাফী। জুড়েছেন প্রেম-ভালোবাসা, বিয়ে-সংসারের বিষয়ও। যার কয়েক ঝলক দেখা গেলো সদ্য প্রকাশ্যে আসা ‘মন পোষ মানে না’ শীর্ষক গানের দৃশ্যে।

এটি মুক্তি প্রতীক্ষিত আলোচিত সিনেমা ‘দামাল’-এর গান। গেয়েছেন সফল জুটি ইমরান ও কনা। রাসেল মাহমুদের কথায় সুর-সংগীত করেছেন আরাফাত মহসীন। বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় গানটি প্রকাশ হয়েছে।

এর দৃশ্যে দুটি জুটির গল্পই তুলে ধরা হয়েছে। একদিকে শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিমের সংসার জীবনের খুনসুটি-ভালোবাসা; অন্যদিকে সিয়াম আহমেদের সঙ্গে শাহনাজ সুমির চুপিচুপি প্রেম। গানের কথায় যেমন অবাধ্য মনের প্রেম পিয়াসের বাণী জায়গা করে নিয়েছে, দৃশ্যায়নেও সেই আভাস ধরে রেখেছেন নির্মাতা।

‘দামাল’ সিনেমার গল্প ভাবনা ফরিদুর রেজা সাগরের। চিত্রনাট্য সাজিয়েছেন নাজিম-উদ-দৌলা ও রায়হান রাফী। সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

এই সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, কায়েস চৌধুরী, আহসান হাবিব নাসিম, সমু চৌধুরী, সুমিত সেনগুপ্ত, নাসির উদ্দিন খান, টাইগার রবি, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, মিলি বাশার, আজম খান প্রমুখ। আগামী ২৮ অক্টোবর দেশজুড়ে মুক্তি পাবে সিনেমাটি।

‘মন পোষ মানে না’ গানের লিংক: