প্রায় তিন দশকের ব্যান্ড ক্যারিয়ার পেরিয়ে এবার তিনি ভাবছেন নতুন করে। ব্যান্ড ভাবনার সঙ্গে রুমন এবার যোগ করছেন নিজের একক ক্যারিয়ারটাকেও। তার ভাষায়, ‘‘হয়তো কিছুটা দেরিই হয়েছে, তবু ‘বেটার লেট দ্যান নেভার’ এই মন্ত্র মাথায় নিয়েই আমি শুরু করছি জীবনের নতুন অধ্যায়।’’
সেই সূত্রে এরমধ্যে পার্থিব ব্যান্ডের রুমন খুলেছেন নিজের নামে ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ। নিজের জন্য গান বেঁধেছেন বেশ ক’টি। যার প্রথম গান ‘ঝাপসা’ এলো ২০ অক্টোবর। গানটির কথা-সুর-ভিডিও এরইমধ্যে গানপ্রিয়দের মন টেনেছে। যে গানচিত্রে কথা-কণ্ঠ-সুরের সঙ্গে উঠে এসেছে শহর কলকাতা আর কিছু শৈশব স্মৃতিকাতরতা।
‘ঝাপসা’র গল্পে যাওয়ার আগে আরেকটু জানা যাক রুমনের একক ভাবনার হেতু। তার ভাষায়, ‘‘প্রায় ২০ বছর ঢাকায় মূল মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করছি। তারও আগে কৈশোর/তারুণ্যে রাজশাহীতে ব্যান্ড শুরু করার হিসেব ধরলে সেটা দাঁড়ায় ২৮ বছর। আর গিটার বাজানোর হিসাব টুকলে ৩০ বছর। এই পুরোটা সময় জুড়েই আমি ব্যান্ডের সঙ্গে আছি। শুরুতে ‘ইগনিয়াস’, পরবর্তীতে ‘পার্থিব’। এই দীর্ঘ সময়জুড়ে ব্যান্ডের রেকর্ডিং এবং অসংখ্য স্টেজ শোয়ের পাশাপাশি টুকটাক কাজ করা হয়েছে বিজ্ঞাপন, নাটক আর সিনেমায়। কিন্তু এত বছর পর করোনাকালে এসে মনে হলো অনাদরে পড়ে থাকা আমার একক অসংখ্য গানের কথা। তখন আকাঙ্ক্ষা জমে, আরও বেশি বেশি গান সৃষ্টির। ব্যান্ডের কাজের গতি আর আমার সৃষ্টির গতিতে দুস্তর ফারাক। আবার আমি বিভিন্ন ধরনের গান করতে পছন্দ করি, যা হয়তো সব সময় ব্যান্ডের সাথে যায়ও না। সেই উপলব্ধি থেকেই এবার একক ক্যারিয়ার নিয়ে মাঠে নামা।’’
না, এবারই প্রথম একক গান প্রকাশের স্বাদ নিচ্ছেন না রুমন। এর আগে ২০২১ সালের ডিসেম্বরে প্রকাশ হয় তার প্রথম একক গান ‘ভাঙছে পাঁজর’। এটি প্রকাশ পায় গানচিল মিউজিকের ব্যানারে। পরে স্বাধীন মিউজিক থেকে আসে ‘বঙ্গবন্ধু’ এবং ‘ভালবাসার গল্প’ নামে আরও দুটো সলো গান। মূলত ব্যান্ডের বাইরে নিজেকে দাঁড় করার প্রেরণা আসে এই তিনটি একক গানের সুবাদে। এমনটাই জানান রুমন।
ঝাপসা:
তবে কি পার্থিব-রুমনের দুটো পথ বেঁকে গেলো ২০ অক্টোবর ‘ঝাপসা’ প্রকাশের মাধ্যমে? এমন সন্দেহ বা বিশ্বাস পার্থিব-প্রিয়দের মনে জাগতেই পারে। জবাবে রুমন বলেন, ‘‘পার্থিব আমার ২০ বছরের সন্তান। এখন ওর যথেষ্ট বয়স হয়েছে। আমি মনে করি, এখন তার নিজের মতো কাজ চালিয়ে যাওয়ার সময় এসেছে। তারই অংশ হিসেবে আমরা অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতে প্রকাশ করতে যাচ্ছি ‘পার্থিব’র প্রথম প্রকাশিত গান ‘অল্প একটু আকাশ’-এর অ্যানিমেটেড ভিডিও। পার্থিব চলবে সব সদস্যদের যৌথ প্রয়াসে, যার মধ্যে একজন আমিও। আর রুমন চলবে তার নিজস্ব গতি ও ইচ্ছে নিয়ে। আমার এই পুরো উদ্যোগে ভীষণভাবে অনুপ্রেরণা দিয়েছেন ফোয়াদ নাসের বাবু ভাই (ফিডব্যাক) আর বাপ্পা দা (দলছুট)। যারা নিজেরাও আমাদের ব্যান্ড ইতিহাসের অন্যতম অংশীজন।’’
রুমনের নিজস্ব প্ল্যাটফর্মের প্রথম গান ‘ঝাপসা’ লিখেছেন গালিব সর্দার। রুমনের কণ্ঠ-সুর ও সংগীতে গানটির রেকর্ডিং, মিক্সিং, মাস্টারিং, বেইজ বাজানো, রিদম প্রোগ্রামিং- সবটা করেছেন কিবু। এরপর পুরো গানের একটি গল্পনির্ভর ভিডিও তৈরি হয় শহর কলকাতায়। এটি বানিয়েছেন অর্চন চক্রবর্তী।
কিন্তু গানটির শুটিং কেন কলকাতায় হলো? তাও আবার সেটি নিজের প্ল্যাটফর্মের প্রথম সিঙ্গেল। জবাবে রুমন বলেন, ‘কলকাতার মাঝে আমি আমার ছোটবেলার রাজশাহী শহরের ছায়া খুঁজে পাই- সেটা একটা বড় কারণ। তাছাড়া এই গানটির কনসেপ্ট হলো স্মৃতিকাতরতা। ফলে ভিজ্যুয়ালি চিন্তা করলে আমি আমার শৈশব-তারুণ্যকে কলকাতা শহরে খুঁজে পাই। তাছাড়া গোটা বাংলাটাই তো আমাদের। মানচিত্র সেই ভাবনায় বাধা হতে পারে না।’
রুমন জানান, এখন থেকে প্রতি মাসে একটি করে গান প্রকাশের পরিকল্পনা নিয়েছেন তিনি। যা নিজের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ছাড়াও স্ট্রিমিং হবে বিশ্বের নামকরা বেশিরভাগ মিউজিক অ্যাপে।