সংসার জীবনের ঠিক তিন বছরের মাথায় প্রথম সন্তানের বাবা হলেন সংগীতশিল্পী কিশোর। বুধবার (২ নভেম্বর) বেলা সোয়া তিনটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন কিশোরপত্নী স্নিগ্ধা দাস।
আনন্দের খবরটি নিশ্চিত করে কিশোর বলেন, ‘মা-মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবাই প্রার্থনা রাখবেন ওদের জন্য। বাবা হওয়া অন্যরকমের তৃপ্তি, সেটা অনুভব করছি। তবে সেটি প্রকাশ করা কঠিন।’
না, এখনও কন্যার নাম চূড়ান্ত করেননি কিশোর-স্নিগ্ধা দম্পতি। মা-মেয়েকে বাসায় নিয়ে নাম নিয়ে ভাববেন, জানান কিশোর।
২০১৯ সালের ১৪ নভেম্বর বিয়েবন্ধনে আবদ্ধ হন কিশোর-স্নিগ্ধা।
২০০৬ সালে ‘তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ রিয়েলিটি শো থেকে উঠে আসেন চট্টগ্রামের ছেলে কিশোর দাস। শুরুটা শুধুই কণ্ঠশিল্পী হিসেবে হলেও শেষ দশ বছরে তিনি সফলতার সঙ্গে কাজ করছেন সংগীত পরিচালক হিসেবে। পাশাপাশি গাইছেনও নিয়মিত।