বুদ্ধিজীবী দিবসে ‘ঘুণপোকা’র বিশেষ নিবেদন (ভিডিও)

স্বাধীনতার গৌরবময় অর্জনের পেছনে মিশে আছে লাখো মানুষের আত্মত্যাগের নির্মম গল্প। কেবল সাধারণ মানুষ নয়, বাংলাকে মেধাশূন্য করতে শিক্ষিত-বুদ্ধিজীবী সমাজকেও নৃশংসভাবে হত্যা করেছিলো পাকিস্তানি বাহিনী। ১৯৭১ সালের ডিসেম্বরে যখন বাংলাদেশের বিজয় প্রায় নিশ্চিত হয়ে গেছে, তখন ভয়ঙ্কর ষড়যন্ত্রে মাতে তারা। বিজয়ের আগ মুহূর্তে ১৪ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী রাজাকার, আল বদর ও আল শামস বাহিনীর সহায়তা নিয়ে বেছে বেছে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, দার্শনিক ও সংস্কৃতি ক্ষেত্রের অগ্রগণ্য আলোকিত মানুষদের বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে রায়ের বাজারের পরিত্যক্ত ইটখোলা, মিরপুরসহ বিভিন্ন বধ্যভূমিতে হাত-পা-চোখ বেঁধে নির্মমভাবে হত্যা করে।

মুক্তিযুদ্ধ, স্বাধীনতার বিভিন্ন প্রেক্ষাপট সিনেমা, নাটক, গানে বরাবরই উঠে এসেছে। তবে ১৪ ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে উল্লেখযোগ্য কোনও গান হয়নি। সেই অপূর্ণতা ঘোচাতেই নতুন একটি গান নিয়ে হাজির হলো ব্যান্ড ‘ঘুণপোকা’। গানের শিরোনাম ‘১৪ই ডিসেম্বর, ১৯৭১’।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুধবার (১৪ ডিসেম্বর) সকালে ব্যান্ডটির অফিসিয়াল ফেসবুক পেজে গানটি প্রকাশ হয়েছে। এর কথা লিখেছেন অনিরুদ্ধ রনি। সুর সাজিয়েছেন মনোয়ার বাবু ও ব্যান্ডের সদস্যরা। গানটির সংগীতায়োজন ও পরিকল্পনায় ছিলেন আজব রেকর্ডসের শব্দপ্রকৌশলী ফরহাদ ও নিলয়।

বিশেষ এই গান নিয়ে ‘ঘুণপোকা’র ভোকাল রাজিব আহমেদ সাকিব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলাদেশের অনেক দিবস নিয়ে অনেক গান আছে, অনেককে ট্রিবিউট করে গান আছে; কিন্তু বুদ্ধিজীবী দিবস বা তাদেরকে উৎসর্গ করে সেরকম কোনও গান কিন্তু নেই। তখনই আমরা ভাবলাম, এটা নিয়ে একটা গান করা দরকার। এবং অবশ্যই সে গানের কথাগুলো এমন হতে হবে, যেটা শুনলে এই সময়ের বা পরবর্তী প্রজন্মের যে কেউ যেন বুঝতে পারে, ইতিহাসটা আসলে কেমন ছিলো। এই ভাবনাটা আমরা অনিরুদ্ধ রনিদার সঙ্গে শেয়ার করি এবং তিনি লিরিক লিখে দেন। এরপর আমরা সুর করে। সুরের ক্ষেত্রে আমরা প্রাচ্য এবং পাশ্চাত্যের রক ফ্লেভারের সমন্বয় করেছি।’

ব্যান্ডের ড্রামার আন্টনির ভাষ্য, “গানটি লেখা হয় এক অনুভবের জায়গা থেকে, এক দায়িত্ববোধের জায়গা থেকে। এটা বেশ আগে তৈরি করা। আমরা ব্যান্ডের সদস্যরা একদিন রায়েরবাজার বধ্যভূমিতে যাই। সেখানে বেশ খানিকটা সময় কাটানোর পর আমাদের ভেতরে একটা তাড়না অনুভব করি। তখনই গানটিকে নতুনভাবে শ্রোতাদের সামনে নিয়ে আসার পরিকল্পনা সাজাই। আমরা ঠিক যেভাবে হেঁটে গিয়েছি, যেভাবে দেখেছি, সেই অনুভবকেই তুলে ধরেছি ‘১৪ই ডিসেম্বর, ১৯৭১’র চিত্রায়নে।”

গানের লিংক:

উল্লেখ্য, ২০০৫ সালে ‘ঘুণপোকা’ ব্যান্ডটি গঠিত হয়। তাদের প্রথম অ্যালবাম ‘সং’ প্রকাশ হয় ২০১৫ সালে। অ্যালবামের গানগুলো শ্রোতাদের আকৃষ্ট করে। এরপর আরও কিছু মিক্সড অ্যালবাম এবং সিঙ্গেলস উপহার দিয়েছে ব্যান্ডটি। সর্বশেষ মাস ছয়েক আগে প্রকাশ হয়েছে তাদের ‘দ্যাখা সাহস’ শিরোনামের গানটি। যেটা ব্যবহৃত হয়েছে ‘সাহস’ নামের সিনেমায়।

‘ঘুণপোকা’র বর্তমান লাইনআপ: রাজিব আহমেদ সাকিব (গিটার ও কণ্ঠ), মাইকেল শীর্ষ দাস (লিড গিটার), মনোয়ার বাবু (বেইজ) ও সামিউল মাশুক এন্টনি (ড্রামস)।