‘জেকে ১৯৭১’-এ মুগ্ধ সেন্সর বোর্ড, দিলো আনকাট ছাড়পত্র

প্রেক্ষাপট ১৯৭১-এর মুক্তিযুদ্ধ। তবে গৎবাঁধা গোলাগুলির গল্প নয়, এখানে তুলে ধরা হয়েছে ওই সময়ের একটি বিশেষ ঘটনা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করার জন্য ফ্রান্সের অর্লি বিমানবন্দরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি বিমান ছিনতাই করেছিলেন ফরাসি যুবক জ্যঁ কুয়ে। তার সেই বীরত্বগাঁথাকে উপজীব্য করেই সাজানো হয়েছে ছবিটি।

নাম ‘জেকে ১৯৭১’। বলা হচ্ছে, এটি দেশের প্রথম আন্তর্জাতিক সিনেমা। যেটার ভাষা ইংরেজি এবং শিল্পীরাও ভিনদেশি। ছবিটি নির্মাণ করেছেন ফাখরুল আরেফিন খান। সোমবার (৯ জানুয়ারি) কোনও কাটছাঁট ছাড়াই চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে এটি। সঙ্গে মিলেছে ভূয়সী প্রশংসা।

খবরটি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের উপ পরিচালক মো. মঈনউদ্দিন। তিনি বলেন, ‘সোমবার বিকেলে চলচ্চিত্রটি দেখেছেন বোর্ডের সদস্যরা। দেখার পর ছবিটিকে আনকাট ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।’

ছবিটির প্রশংসা করে মো. মঈনউদ্দিন আরও বলেন, ‘আমার দেখা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে তৈরি সিনেমাগুলোর মধ্যে এটি অন্যতম। আমার বিশ্বাস ছবিটি সব শ্রেণির দশকদের কাছেও ভালো লাগবে।’

মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ছাড়পত্র হাতে পান নির্মাতা ফাখরুল আরেফিন খান। তার অনুভূতি, ‘সেন্সর বোড সদস্যরা ছবিটি দেখে তাদের মতামত জানিয়েছেন, প্রশংসা করেছেন। এজন্য আমরা আনন্দিত। আশা করছি শিগগিরই প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দিতে পারবো।’

ছাড়পত্র পেয়ে উচ্ছ্বসিত ‘জেকে ১৯৭১’ নির্মাতা ফাখরুল আরেফিন খানএদিকে আগামী ১৪ জানুয়ারি শুরু হতে যাওয়া ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে ‘জেকে ১৯৭১’। এ বিষয়ে উৎসবের পরিচালক মুজতবা জামান বললেন, ‘সিনেমাটি আমাদের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত। উৎসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত পরিচালক, সমালোচকদের কাছে দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার জন্যই এটিকে উদ্বোধনী সিনেমা হিসেবে বাছাই করা হয়েছে।’

বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত ফাখরুল আরেফিন খানও। তার ভাষ্য, ‘এটা আমার জন্য প্রথম অভিজ্ঞতা। আন্তর্জাতিক উৎসবের উদ্বোধনী সিনেমা মানে অনেক সম্মানের বিষয়। ভালো লাগছে। ফরাসি যুবক জ্যঁ কুয়েকে দেশের মানুষের ভালোবাসার জায়গায় নিয়ে যেতে চেয়েছি। স্বাধীনতার ৫১ বছর পর এমন একটি গল্প দর্শকদের দেখানো আমার জন্য আরেকটি নতুন অভিজ্ঞতা হবে।’

জানা গেছে, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানোরামা শাখায় প্রতিযোগিতা করবে ‘জেকে ১৯৭১’।

উল্লেখ্য, ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কলকাতার সৌরভ শুভ্র দাশ। এছাড়াও আছেন যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড, রুশ অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো, অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি, পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রনীল প্রমুখ। ইতোপূর্বে মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ঐতিহাসিক সিনেমার পুরস্কার জিতেছে ‘জেকে ১৯৭১’।