কণ্ঠশিল্পী না হয়েও গান তো অনেকেই গেয়ে থাকেন। এরমধ্যে মূলত দুটি ধারা- কেউ সুখে, অনেকে শিখে। তবে অভিনেত্রী তাসনিয়া ফারিণ এই দুটো ধাপের মধ্যে একটা সংযোগ ঘটিয়ে দিলেন বটে। যেমন দৃশ্য সচরাচর মেলে না।
সকলেই জানেন, তাসনিয়া ফারিণ সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য অভিনেত্রীদের অন্যতম একজন। যিনি ক্যারিয়ারের আরেকটি ধাপ উঠলেন সম্প্রতি টলিউডের সিনেমা ‘আরো এক পৃথিবী’তে অভিনয় করে। পাশাপাশি তার ওটিটি শাসন তো চলছেই। তবে সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই অভিনেত্রী চমকে দিলেন গায়িকা হিসেবে সোশ্যাল হ্যান্ডেলে হাজির হয়ে।
যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী হারমোনিয়াম বাজিয়ে মনখুলে চোখবুজে হাসতে হাসতে গাইছেন অতুলনীয় সেই নজরুলগীতি ‘এ কি অপরূপ রূপে মা তোমার হেরিনু পল্লী জননী’। তার গান শুনে, বাজানো দেখে- বলা মুশকিল; তিনি ভুলকরে অভিনয়ে নামেননি তো!
৪৮ সেকেন্ডের এই গানচিত্রটি প্রকাশ করেছেন গীতিকবি কবির বকুল। গান শেষে করতালি শুনে এটুকু স্পষ্ট, সম্প্রতি কোনও ঘরোয়া আয়োজনে বোবা হারমোনিয়ামটিকে কাছে টেনে নিয়েছিলেন ফারিণ। দেখালেন তার গায়েন প্রতিভাটাও।
এ সম্পর্কে তাসনিয়া ফারিণের সঙ্গে যোগাযোগ করা হলেও তার কোনও সাড়া মেলেনি।
গায়িকা ফারিণ কিছু না বললেও ভিডিওটির মন্তব্যের ঘরে প্রশংসার ঝড় বইছে। গানের মাধ্যমে অভিনেত্রীর ‘আরো এক পৃথিবীর’ খোঁজ পেয়ে বিস্ময় আর মুগ্ধতায় ফেটে পড়ছেন নেটাগরিকরা। রাজ নামের একজন লিখলেন, ‘সব বিষয়ে সেরা মেয়েটি।’ সজীব হোসেন লিখেছেন, ‘যেমনি সুন্দর অভিনয় করে, ঠিক তেমনি সুন্দর গানও গায়।’ মাজেদ চৌধুরী লিখেছেন, ‘ওরে ফারিণ গানও তো ভালোই গাও।’
এভাবে আরও আরও প্রশংসার ঝড় বয়ে চলেছে ফারিণের পক্ষে।