সন্ধ্যায় সংবাদ সম্মেলনে জস স্টোন

আজ শুক্রবার বিকালে ঢাকায় নামছেন গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী ব্রিটিশ কণ্ঠশিল্পী জস স্টোন। বাংলাদেশে এটাই তার প্রথম সফর। শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি গাইবেন বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি হলে। একই মঞ্চে আরও গাইবেন বাংলাদেশের অর্ণব, জন, রাফা, এলিটা, আরমিন মুসা এবং মিনার।  

জস স্টোনপপ রিপাবলিক নামের এ কনসার্ট উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যায় গুলশানের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান লাইভস্কয়ার। যাতে বাংলাদেশের শিল্পীরা ছাড়াও উপস্থিত থাকছেন জস স্টোন। বাংলা ট্রিবিউনকে এমনটাই জানান আয়োজক প্রতিষ্ঠানের সিনিয়র এক্সিকিউটিভ (অপারেশন) মজিবুল হক বাবু। তিনি আরও জানান, এই কনসার্টের টিকেট মূল্য এক হাজার থেকে তিন হাজার টাকা। যা অনলাইনেও সংগ্রহ করা যাবে www.thelivesquare.com - এই লিংকে গিয়ে।

এই কনসার্টের অনলাইন মিডিয়া পার্টনার বাংলা ট্রিবিউন।   

ব্রিটিশ গায়িকা জস স্টোন বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয়। গত দশকে বিশ্বব্যাপী বিক্রি হয়েছে তার প্রায় ১২ মিলিয়ন অ্যালবাম। জনপ্রিয়তার পাশাপাশি তিনি হয়ে উঠেছেন যুক্তরাজ্যের অন্যতম ধনী কণ্ঠশিল্পী। ২০১২ সালে এক হিসাবে দেখা গেছে, ৩০ বছরের নিচে পাঁচজন ধনী ব্রিটিশ শিল্পীর অন্যতম তিনি। ব্রিট ও গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী এই গায়িকা বিশ্বের বিভিন্ন দেশের কনসার্টে গান গাইতে পছন্দ করেন। গান গাওয়ার পাশাপাশি তিনি অভিনয়ও করেন।

জস স্টোন/এমএম/