কলকাতার দূর্বাদলকে নিয়ে অবস্‌কিওর’র অ্যালবাম

ঢাকার ব্যান্ড অবস্‌কিওরের সঙ্গে কলকাতার তরুণ গায়ক দূর্বাদল বিশ্বাস যৌথ আগ্রহে গান বাঁধছেন, সেটা পুরনো খবর। কারণ এরমধ্যে সেই প্রক্রিয়ায় আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে প্রকাশ হয়েছে ‘একটা ছিল গানের মানুষ’। মিলেছে প্রশংসাও, ভিউ বিচারে শোনা হয়েছে চার লাখের বেশিবার।

এবার দুই পক্ষ এক হলো ঈদ উপহারের জন্য। এরমধ্যে গান তৈরি, অপেক্ষা চাঁদরাত কিংবা ২১ এপ্রিলের। অবস্‌কিওর প্রধান সাইদ হাসান টিপু জানান, দূর্বাদলকে নিয়ে এবার তারা প্রকাশ করছেন ঈদের গান। নাম রেখেছেন ‘কিন্তু কোথায়’। অমিত গোস্বামীর লেখায় সুর দিয়েছেন দূর্বাদল নিজেই। কণ্ঠ সাইদ হাসান টিপু ও দূর্বাদলের। আর সংগীতায়োজন করেছে অবস্‌কিওর।    

ব্যান্ড সূত্রে জানা গেছে, অবস্‌কিওর-এর ‘ও’ এবং দূর্বাদলের ‘ডি’ অক্ষর দুটো ধরে দুই পক্ষ একটি অ্যালবামের নাম ঠিক করেছেন, ‘ওডি’। মূলত সেই অ্যালবামেরই প্রথম গান হিসেবে মুক্তির আলোয় আসছে ‘কিন্তু কোথায়’।

সাইদ হাসান টিপু বলেন, ‘গত তিন বছর আমরা (অবস্‌কিওর) অ্যালবাম করতে পারিনি কোভিড পরিস্থিতির কারণে। কিছুদিন আগে কলকাতার প্রতিভাবান শিল্পী দূর্বাদল ঢাকায় এসেছিল গীতিকার অমিত গোস্বামীর সাথে। তখনই ঠিক হয় যে, আমরা যৌথ অ্যালবাম করবো। কিন্তু সেই পর্বে আইয়ুব বাচ্চুর স্মরণে অমিত একটি গান লেখে এবং দূর্বাদল তাতে সুর করে দেয়। সংগীতায়োজন ও রেকর্ড করি আমি ও আমাদের ব্যান্ডের সদস্যরা। গানটি প্রকাশের পর বুঝলাম যে, মেলোডি এখনও মানুষ পছন্দ করছেন। তার ফলশ্রুতি আমরা পূর্ণাঙ্গ অ্যালবাম তৈরির আরও উৎসাহ পাই। সে হিসেবে অ্যালবামের প্রথম গানটি প্রকাশ পাচ্ছে ঈদে, আশা রাখি শ্রোতারা পছন্দ করবেন।’

গানটি প্রকাশ হচ্ছে স্পটিফাই, ইউটিউব, ফেসবুকসহ অডিও স্ট্রিমিং বেশ ক’টি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে।