৭৬তম কান উৎসব

সাদাকালো পোস্টারে কিংবদন্তি আর ‘সোনার ক্যামেরা’য় তারুণ্য

কান চলচ্চিত্র উৎসবের ডিরেক্টরস ফোর্টনাইট ও ইন্টারন্যাশনাল ক্রিটিকস উইক বিভাগ দুটিতে নির্বাচিত ছবিগুলোর মধ্যে অনেক পরিচালকের প্রথম কাজও থাকে। তাদের আলাদা করে তুলে ধরতে চায় কান কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে নতুনদের মধ্য থেকে সেরা নির্মাতা বাছাইয়ের জন্য রয়েছে ‘‘ক্যামেরা দ’র’’ (সোনার ক্যামেরা) নামের একটি বিভাগ।

৭৬তম কান চলচ্চিত্র উৎসবের ক্যামেরা দ’র বিভাগের মূল বিচারক হিসেবে থাকবেন ফরাসি অভিনেত্রী আনাইস দ্যুমোস্তিয়ের। এবারের আসরে সেরা নবাগত পরিচালক নির্বাচনের গুরুদায়িত্ব উঠলো ৩৫ বছর বয়সী এই তরুণীর কাঁধে।

শুক্রবার (২৮ এপ্রিল) কান কর্তৃপক্ষ এমনটাই নিশ্চিত করেছে এক মেইল বার্তায়।

সোনার ক্যামেরা’র প্রধান বিচারক হয়ে উচ্ছ্বসিত আনাইস দ্যুমোস্তিয়ের। তার প্রতিক্রিয়ায়, ‘একজন দর্শক হিসেবে আমার জন্য বড় আনন্দের বিষয় হলো অনেক পরিচালকের প্রথম ছবি দেখার সুযোগ পাচ্ছি এবার। যাদের মধ্যে অনেকেই অদূর ভবিষ্যতে চলচ্চিত্র বিশ্বের বড় শক্তিতে পরিণত হয়ে উঠবেন। একজন অভিনেত্রী হিসেবে আমি সৌভাগ্যবান। আমি অত্যন্ত সম্মানিত এবং ক্যামেরা দ’র বিচারকদের সভাপতি হিসেবে এ বছর কানে স্থান পাওয়া প্রথম চলচ্চিত্রগুলো আবিষ্কারের জন্য উন্মুখ হয়ে আছি।’

আনাইস দ্যুমোস্তিয়েরের রয়েছে সমৃদ্ধ ফিল্মি জীবন। সেগুলোর বেশিরভাগই কান উৎসবের সঙ্গে জড়িয়ে আছে। ২০১৯ সালে ডিরেক্টরস ফোর্টনাইটে প্রদর্শিত নিকোলা পারিজারের ‘অ্যালিস অ্যান্ড দ্য মেয়র’ ছবির সুবাদে সিজার অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি। কান উৎসবের বিভিন্ন বিভাগে প্রদর্শিত তার ছবিগুলো হলো প্রতিযোগিতা বিভাগে বাইরে মাইকেল হানেকের ‘টাইম অব দ্য উলফ’ (২০০২) ও সেদ্রিক হিমেনেজের ‘নভেম্বর’ (২০২২), ইন্টারন্যাশনাল ক্রিটিকস উইকে রেবেকা জলোটস্কির ‘ডিয়ার প্রুডেন্স’ (২০১০), আঁ সাঁর্তে রিগায় রবার্ট গেদিগিয়ঁনের ‘দ্য স্নোস অব কিলিমাঞ্জারো’ (২০১১) ও পাসকেল ফেরোঁ পরিচালিত ‘বার্ড পিপল’ (২০১৪), মিডনাইটন সেশনসে কন্তাঁ দ্যুপিউ পরিচালিত ‘স্মোকিং কজেস কফিং’। 

আনাইস দ্যুমোস্তিয়েরের দর্শকপ্রিয় ছবির তালিকায় আরও রয়েছে ক্রিস্তফ অনোরের ‘দ্য বিউটিফুল পারসন’ (২০০৮), বেরথ্রঁ তেভরনিয়ের পরিচালিত ‘দ্য ফ্রেঞ্চ মিনিস্টার’ (২০১৩) প্রভৃতি। 

আনাইস দ্যুমোস্তিয়ের

ক্যামেরা দ’র বিভাগে এর আগে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন আব্বাস কিয়ারোস্তামি, উইম ওয়েন্ডার্স, টিম রোথ, আনিয়েস ভারদা, স্যাবিন অ্যাজেমার, সনদ্রিন কিবারলেইনের মতো খ্যাতিমানরা। 

আগামী ১৬ মে এবারের কান উৎসবের পর্দা উঠবে। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে ৭৬তম আসরের দাফতরিক পোস্টার, যার মাধ্যমে ফরাসি সিনেমার কিংবদন্তি অভিনেত্রী‌ ক্যাথেরিন দ্যুনোভকে সম্মান জানানো হয়েছে। সাদা-কালো পোস্টারটিতে পাম্পালিয়ন সৈকতে তাকে কালো পোশাকের সঙ্গে খোলা চুলে দেখা গেছে। উৎসব কর্তৃপক্ষ জানায়, ছবিটি ১৯৬৮ সালে ‘লা সেমেড’ সিনেমার শুটিংয়ে চিত্রগ্রাহক জ্যাক গারোফালো তুলেছিলেন। 

ক্যাথেরিন দ্যুনোভ টানা ছয় দশক ধরে ফরাসি সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন। এবার কান উৎসবের পোস্টারে তাকে স্থান দিয়ে জানানো হয়েছে সেই কৃতজ্ঞতা। বিপরীতে ‘সোনার ক্যামেরা’ বিভাগে সেরা নবীন নির্মাতাকে খুঁজে বের করার দায়িত্ব পড়েছে তরুণ অভিনেত্রী আনাইস দ্যুমোস্তিয়েরের কাঁধে। এ যেন উৎসবজুড়ে ফরাসি সিনেমার একাল-সেকালের একসুতোয় মালা গাঁথার অনবদ্য আয়োজন। আগামী ২৭ মে উৎসবের সমাপনী রাতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।পোস্টারে ক্যাথারিন দানিয়ুভ