ওসি হারুনের মুখে ‘দুইটা কথা’ সংলাপটি দুই বাংলায় বিপুল জনপ্রিয়তা পেয়েছে। হইচই থেকে মুক্তি পাওয়া সিরিজ ‘মহানগর’-এ এই সংলাপ আওড়েছেন দাপুটে অভিনেতা মোশাররফ করিম। সিরিজের প্রথম সিজনে ওসি হারুন চরিত্রে ‘দুইটা কথা’ মনে রাখতে বলেছেন তিনি। তবে দ্বিতীয় সিজনে বলেছেন ভুলে যেতে!
ঈদে প্রচার হওয়া ‘মহানগর ২’র রেশ কাটতে না কাটতেই ফের ‘দুইটা কথা’ সামনে এলো। এবার আর মোশাররফ করিম নন, কথাটি বললেন চঞ্চল চৌধুরী। তবে কি তিনিও ‘মহানগর’র বাসিন্দা হচ্ছেন? আপাতত উত্তর- না। মূলত সদ্য শুরু হওয়া এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশেই পরামর্শের সুরে ‘দুইটা কথা’র অবতারণা করেছেন চঞ্চল। তবে ওসি হারুনের ধাঁচে দুই কথায় সীমাবদ্ধ থাকেননি তিনি। সঙ্গত কারণে বিস্তারিত বলেছেন।
সোশ্যাল হ্যান্ডেলে ‘কারাগার’ অভিনেতা লিখেছেন, ‘আজ ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। আমাদের যে সকল সন্তান এবার মাধ্যমিক পরীক্ষায় অংশ গ্রহন করছে, তাদের সবার জন্য শুভ কামনা। আর যারা অভিভাবক, তাদের জন্য দুটি কথা; আমরা কেউই মনে হয় এত ভালো স্টুডেন্ট ছিলাম না বা এসব পরীক্ষায় এত ভালো রেজাল্ট করিনি, যাতে সবাই তাদের সন্তানের কাছ থেকে গোল্ডেন জিপিএ আশা করতে পারি। হয়তো অনেক কষ্ট করে, ওদের জন্য চেষ্টা করেছেন। আমাদের সকল সন্তানের মেধা সমান নয়। যে যার মেধা আর চর্চা অনুযায়ী ফলাফল করবে। পারলে ওদের মেধার ওপর আস্থা রেখে, মানসিক ভাবে সাপোর্ট দিন। কেউ একটি পরীক্ষায় একটু খারাপ করলে, পরের পরীক্ষায় যেন ভালো করতে পারে, সেই সহযোগিতা করুন।’
শুধু অভিভাবক নয়, শিক্ষার্থীদের উদ্দেশেও কথা বলেছেন চঞ্চল। তার ভাষ্য, ‘সারা বছর যাই করে থাকো না কেন, এই কটা দিন ফাঁকি না দিয়ে, মনযোগী হয়ে পরীক্ষাটা দাও। কারণ সব ভালো তার, শেষ ভালো যার। শুধু বাবা-মায়ের জন্য নয়, জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে পড়ালেখার প্রয়োজন আছে, শিক্ষিত হওয়ার দরকার আছে। ঠাণ্ডা মাথায় পরীক্ষাটা শেষ করো, দেখবে ভালো কিছুই তোমাদের জন্য অপেক্ষা করছে।’
শেষ ধাপে ফের অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করলেন চঞ্চল। বললেন, ‘পরীক্ষার টেনশনে ওদের মাথা গরম হলেও, আপনি আপনার মাথাটা ঠাণ্ডা রাখুন। গরম মাথায় ভালো কিছু হয়না।’
এতসব কথা চঞ্চল তার নিজ অভিজ্ঞতা থেকেই বলেছেন। তার মতে, দীর্ঘ দিন শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। তাই শিক্ষার্থী ও অভিভাবকদের খুব কাছ থেকে চেনেন-জানেন। সেজন্যই পরীক্ষার আগে একটু মাস্টারি করলেন!
প্রসঙ্গত, চঞ্চলকে সর্বশেষ দেখা গেছে ‘ওভারট্রাম্প’ নামের ওয়েব সিরিজে। গত মার্চে এটি মুক্তি পেয়েছিল দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে।