৭৬তম কান উৎসব: সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন মাইকেল ডগলাস

এবার কান উৎসবের উদ্বোধনী আসরে সম্মানজনক পাম দ’র পুরস্কার পাচ্ছেন মার্কিন অভিনেতা-প্রযোজক মাইকেল ডগলাস। সিনেমায় অবদানের জন্য তাকে এই সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ৭৬তম কান উৎসব কর্তৃপক্ষ।

৩ মে বিষয়টি নিশ্চিত করে উৎসব কমিটি। জানানো হয়, উদ্বোধনী আসরে (১৬ মে) এই সম্মাননা গ্রহণ করতে পালে দে ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের প্রেক্ষাগৃহে সরাসরি উপস্থিত হবেন মাইকেল ডগলাস। কান কর্তৃপক্ষ মনে করে, ‘মাইকেল ডগলাস সারা বিশ্বের সিনেপ্রেমীদের জন্য একজন উৎসাহদাতা। আমরা তাকে এই সম্মাননা দিতে পেরে গর্বিত।’ 

অন্যদিকে এমন খবরে মুগ্ধতা প্রকাশ করেছেন অভিনেতাও। কান উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে তার প্রতিক্রিয়াটি এমন, ‘‘কান সৈকতে যাওয়া সবসময়ই তাজা বাতাসে শ্বাস নেওয়ার মতো প্রশান্তির বিষয়। এর বাইরে কান উৎসব দীর্ঘকাল ধরে এমনই এক চমৎকার প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বের সাহসী ও শৈল্পিক নির্মাতারা শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পান। আমি এখানে ১৯৭৯ সালে প্রথম যাই ‘দ্য চায়না সিনড্রোম’ ছবিটির জন্য। এরপর ২০১৩ সালে ‘বিহাইন্ড দ্য ক্যান্ডেলাব্রা’র জন্য গিয়েছি। এই উৎসব আমাকে সবসময় মনে করিয়ে দিয়েছে যে, সিনেমার জাদু শুধু আমরা যে পর্দায় দেখি তা নয়, বরং এটি গোটা বিশ্বের মানুষকে প্রভাবিত করার দারুণ ক্ষমতা রাখে। বিশ্বজুড়ে আমরা যে ভাষা ভাগ করেছি, এই উৎসবের মাধ্যমে সেই ভাষাগুলোকে আলিঙ্গন করতে পারা সম্মানের বিষয়। ৫০ বছরের চলচ্চিত্রজীবন পেরিয়ে এবার মনে হলো তার প্রতিদান পেতে যাচ্ছি।’’

মাইকেল ডগলাসের জয়যাত্রা শুরু হয় ১৯৭৫ সালে মিলস ফরম্যানের ‘ওয়ান ফ্লিউ ওভার দ্য কুকোজ নেস্ট’ ছবির মাধ্যমে। এটি তিনি যৌথভাবে প্রযোজনা করেন সউল যায়েন্টজ-এর সাথে। প্রথম প্রযোজনা থেকেই ডগলাস ৯টি অস্কার মনোনয়ন পান। সে বছর সেরা ছবির পুরস্কার লাভ করে এটি।

মাইকেল ডগলাস (পুরনো ছবি)এরপর মাইকেল ডগলাস নিজেকে তুলে ধরেন দুর্দান্ত এক অভিনেতা হিসেবে। যেমন ‘রোমান্সিং দ্য স্টোন’ (১৯৮৪)-এ রবার্ট জেমেকিস, ‘ব্ল্যাক রেইন’ (১৯৮৯) ছবিতে রিডলি স্কট বা ‘ডিসক্লোজারে’ (১৯৯৪) ব্যারি লেভিনসন চরিত্রগুলো তাকে দামি অভিনেতায় পরিণত করে। অলিভার স্টোনের সাথে মাইকেল ডগলাস ‘ওয়াল স্ট্রিট’ ছবিতে একজন লোভী নিউ ইয়র্কের দালাল গর্ডন গেকোর চরিত্রে অভিনয়ের জন্য ১৯৮৭ সালে সেরা অভিনেতার অস্কার জিতেছিলেন।

৭৬তম কান উৎসবে কিংবদন্তি এই অভিনেতা-প্রযোজককে শ্রদ্ধা জানানোর জন্য উদ্বোধনী আসরে প্রদর্শন করা হবে ‘মাইকেল ডগলাস, দ্য প্রোডিগাল সন’ নামের একটি তথ্যচিত্র।

ফ্রান্সের কান সৈকতে এবারের উৎসবের পর্দা উঠছে ১৬ মে, নামবে ২৭ মে।