শত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আংটি বদল করেই ফেললেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। শনিবার (১৩ মে) রাতে দিল্লির ঐতিহ্যবাহী স্থাপনা কাপুর্থালা হাউজে জমকালো আয়োজনে বাগদান সারেন তিনি। তার হবু বরের নাম রাঘব চাড্ডা। তিনি ভারতের অন্যতম আলোচিত তরুণ রাজনীতিক। আম আদমি পার্টির এই নেতা পাঞ্জাবের রাজ্যসভার সংসদ সদস্য।
পরিণীতি ও রাঘবের প্রেম নিয়ে বেশ কিছু দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। বিভিন্ন জায়গায় তাদেরকে একসঙ্গে দেখা গিয়েছিল। তবে দুজনেই সম্পর্কের ব্যাপারে গণমাধ্যমকে কিছু বলেননি। একেবারে আনুষ্ঠানিক বাগদান সেরেই ঘোষণা দিলেন।
এদিকে পরিণীতির বাগদানে অংশ নিতে দূর যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসেছেন তার চাচাতো বোন প্রিয়াঙ্কা চোপড়া। নতুন জুটিকে শুভেচ্ছা জানিয়ে তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘অভিনন্দন তিশা (পরিণীতিকে তিনি তিশা বলে ডাকেন) ও রাঘব। বিয়ের জন্য তর সইছে না। তোমাদের দুজন এবং পরিবারকে নিয়ে খুব আনন্দিত আমি। সবার সঙ্গে সাক্ষাৎ হয়ে দারুণ লাগলো।’
সূত্র: পিঙ্কভিলা