এ সপ্তাহের ছবি

২২ প্রেক্ষাগৃহে ‘সুলতানপুর’

এক সপ্তাহের ব্যবধানে প্রেক্ষাগৃহে এলো নতুন ছবি। নাম ‘সুলতানপুর’। সৈকত নাসির নির্মিত এই ছবি আজ শুক্রবার (২ জুন) দেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। হলের তালিকাসমেত তথ্যটি নিশ্চিত করেছেন নির্মাতাসহ ছবির শিল্পীরা।

সৈকত নাসির জানান, ‘সুলতানপুর’র জার্নি তিন বছরের। ২০২০ সালের অক্টোবরে কাজটিতে হাত দেন তিনি। তখন এর নাম ছিল ‘বর্ডার’। তবে চলচ্চিত্র সেন্সর বোর্ডের আপত্তির কারণে নাম পরিবর্তন করা হয়েছে। সীমান্তের মানুষের জীবন, অপরাধ চক্র, চোরাকারবারি ইত্যাদির সঙ্গে ছবিটিতে রয়েছে পরিবার ও সম্পর্কের গল্প।

ছবিটি নিয়ে আত্মবিশ্বাসী নির্মাতা বলেছেন, “সুলতানপুর’-এ সবচেয়ে শক্তিশালী যে জিনিসটা আছে, তা হলো গল্প। এই সিনেমায় সুন্দর একটা গল্প পাবে দর্শক। আমার বিশ্বাস, যারা ছবিটি দেখতে আসবেন, তারাই এর প্রচারণা করবেন।”

দেশের পাশাপাশি বিদেশেও ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সৈকত নাসির। এছাড়া এর হিন্দি স্বত্ব ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। ফলে হিন্দি ভাষায় বিভিন্ন প্ল্যাটফর্মে অচিরেই দেখা যাবে ছবিটি।

এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুমন ফারুক, অধরা খান, সাঞ্জ জন, রাশেদ মামুন অপু, আশিষ খন্দকার, মৌমিতা মৌ, এ কে আজাদ সেতু প্রমুখ। এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে আসাদ জামান ও নির্মাতা সৈকত নাসির। প্রযোজনায় ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্ট।

ট্রেলার:

জানা গেছে, এ সপ্তাহে আরও একটি ছবি মুক্তি পাচ্ছে। নাম ‘টোকাই’।