আফরান নিশোর সিনেমা অভিষেকের পূর্বাভাস বেশ পুরনো। সেই সূত্রে এরমধ্যে দেখা মিলেছে ‘সুড়ঙ্গ’ সিনেমায় তার লুক ও ঝলক। যা দেখে অপূর্ব-ভক্তরাও নাকি মুগ্ধ হয়েছে! ১০ মে টিজার প্রকাশের পর এমনটাই বলাবলি করছে অনেকে।
তবে সেসব ছাপিয়ে সোমবার (৫ জুন) ভয়ংকর পূর্বাভাস দিলেন আফরান নিশো। প্রকাশ হলো ছবিটির অফিসিয়াল ফোরটেস্ট। যার বাংলা হলো আনুষ্ঠানিক পূর্বাভাস। ১ মিনিট ২১ সেকেন্ডের এই পূর্বাভাসে নানারূপে দেখা মিলেছে নিশোকে। বিশেষ করে টিজারে শুধু সুড়ঙ্গে সীমাবদ্ধ থাকলেও চরিত্রটি এবার ছড়িয়েছে নানাদিকে। যাতে দেখা গেছে কখনও ইলেকট্রিশিয়ান, কখনও জেলখানার কয়েদি, কখনও আবার প্রেমিকরূপে।
এতে দেখা মিলেছে তমা মির্জারও, অনেকটা অবোলা নারীর চরিত্রে। সংলাপহীন এই পূর্বাভাসের শেষটা হয় আফরান নিশোর ভয়ংকর হাসি আর নিশ্বাসের শব্দে। এটির আবহসংগীতও বেশ শ্বাসরুদ্ধকর। যদিও সংগীত পরিচালকের নাম এখনই বলতে চাননি নির্মাতা।
রায়হান রাফী বাংলা ট্রিবিউনকে বললেন, ‘টিজারে তো লুক প্রকাশ হয়েছে। এবার আমরা গল্প আর চরিত্রের একটা শ্বাসরুদ্ধকর পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেছি ফোরটেস্টের মাধ্যমে। আর ট্রেলার প্রকাশ করবো ২৫ জুন।’
ঈদে মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত এই ছবিটি। কারণ, এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। তাই নয়, এ ছবিটির মাধ্যমে ‘পরাণ’ দিয়ে মন জয় করা নির্মাতা রায়হান রাফীরও পায়ের তলার মাটিটা শক্ত হবে। কারণ, মাঝে ‘দামাল’ দিয়ে খানিকটা চোরাবালিতে পা ফেলেছিলেন এই তরুণ নির্মাতা।
রাফী বলেন, ‘‘এই সপ্তাহের মধ্যে সেন্সরে জমা দিচ্ছি ছবিটি। আমরা একেবারে প্রস্তুত ঈদের জন্য। কোনও জটিলতা আর নেই। ছবিটি প্রসঙ্গে এটুকু বলতে চাই, ‘পরাণ’ বানিয়ে আমি যে ভালোবাসাটুকু পেয়েছি দর্শকদের, তারই প্রতিদান হিসেবে ‘সুড়ঙ্গ’ নির্মাণ করেছি। ‘পরাণ’র পর এই ছবিটাই আমি বানিয়েছি। সবার প্রচুর সাড়া পাচ্ছি। ছবিটা ভারতেও মুক্তি দেওয়া যায় কিনা, সেটাও ভাবছি।’’
‘সুড়ঙ্গ’র শুটিং হয়েছে সুনামগঞ্জ ও চট্টগ্রামের দুর্গম এলাকায়। ফলে পুরো টিমকে প্রচুর শ্রম দিতে হয়েছে। সেসব অভিজ্ঞতার সারসংক্ষেপ রাফী এভাবে জানালেন, ‘‘এটা আমার সবচেয়ে চ্যালেঞ্জিং ছবি। আরও অনেক আগে, ‘পরাণ’র আগেই ছবিটা বানাতে চেয়েছিলাম। কিন্তু বাজেট, আয়োজন নানাবিধ কারণে সম্ভব হয়নি। অবশেষে কাজটি করলাম। পুরো ইউনিট অসামান্য পরিশ্রম করেছে। আসলে যখন কোনও কাজে সংশ্লিষ্ট সবাই সৎ থেকে কাজ করে, তখন সেটি মানুষের মন জয় করেই। আমাদের সবার পরিশ্রমের পর যে কাজটা দাঁড়িয়েছে, তাতে আমি সন্তুষ্ট।’’
‘সুড়ঙ্গ’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা। প্রযোজনা করছে আলফা আই স্টুডিওজ ও চরকি।