রবিবার সন্ধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অচলায়তন’

রবিবার (১১ জুন) সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মঞ্চে মঞ্চস্থ হতে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘অচলায়তন’। নাগরিক নাট্য সম্প্রদায় ও মঙ্গলদীপ ফাউন্ডেশন প্রণোদনায় প্রাচ্যনাটের ৪২তম প্রযোজনা এটি। নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। 

নাটকটি প্রসঙ্গে নির্মাতার বক্তব্য এমন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের তত্ত্বনাটক, প্রতীকী নাটক নিয়ে বড় বড় সমালোচকদের যে অস্পষ্টতার অভিযোগ, তাকে খণ্ডন করে আমাদের এই মঞ্চায়নের প্রয়াস। অচলায়তন বিদ্যাপীঠকে আমরা কল্পনা করেছি একটি বালিকা বা নারী শিক্ষাগৃহ হিসেবে। 
আদৌ এই বিদ্যায়তনের বা শিক্ষার প্রয়োজনীয়তা বাস্তব নিরিখে কতটুকু? আবার নিয়মনীতি মন্ত্র বা প্রায়শ্চিত্তে মানবের মুক্তি আছে কি? এসব প্রশ্নের বিপরীতে আমরা দেখাতে চেয়েছি খেলতে খেলতে শিখতে পারি কিনা সত্যিকারের শিক্ষা।’

নাটকটিতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সানজিদা প্রীতি, শাহানা রহমান সুমি, শাহেদ আলী সুজন, শাখাওয়াত হোসেন রেজভী, জাহাঙ্গীর আলম, চেতনা রহমান ভাষা প্রমুখ। 

মঞ্চে ‘অচলায়তন’‘অচলায়তন’র কাহিনি সংক্ষেপ এমন, বহুদিন ধরে চলে আসা প্রথাকে কঠোর নিয়মের আবদ্ধে পালন করতে গিয়ে সময়ের আবর্তনে অচলায়তন বিদ্যায়তনের কোনও পরিবর্তন হয় না। এখানকার বিদ্যার্থীরাও কোনও প্রশ্ন ছাড়াই তাদের ওপর চাপিয়ে দেয়া যাবতীয় নিয়ম ও অনুশাসন মেনে চলে। অচলায়তনের বাইরের জগতের সাথে তাদের কোনও যোগাযোগ নেই, এমনকি যোগাযোগ করার বিন্দুমাত্র আগ্রহ প্রকাশ পাওয়াটাও তাদের জন্য ‘মহাপাপ’-এর নামান্তর!

নাটকটির মঞ্চ ও আলো প্রক্ষেপণে রয়েছেন মোঃ সাইফুল ইসলাম, সংগীত ভাবনা ও প্রয়োগে নীল কামরুল, কোরিওগ্রাফিতে স্নাতা শাহরিন এবং পোশাক পরিকল্পনায় আফসান আনোয়ার।