ঘোষণার প্রথম চমক ছিল নন্দিত অভিনেতা আফজাল হোসেন। এবার ‘ওয়ান ইলেভেন’ নামের সেই চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হলেন দেশের জনপ্রিয় অভিনেতা ও বিজ্ঞাপন ব্যক্তিত্ব গাউসুল আলম শাওন। যাতে তিনি শুধু অভিনয়ই করবেন না, যুক্ত থাকবেন নির্মাণের পেছনেও।
জানা গেছে, কামরুল ইসলাম রিফাতের পরিচালনায় সাইকোলজিক্যাল থ্রিলার জনরার এই চলচ্চিত্রের একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন শাওন, পাশাপাশি সিনেমাটির সহ-প্রযোজক হিসেবেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
১০ জুন রাজধানীর একটি রেস্তোরাঁয় এই চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন ‘ওয়ান ইলেভেন’ চলচ্চিত্রের নির্বাহী প্রযোজক রবিন শামস।
মিডিয়া পোস্টের ব্যানারে নির্মিত হতে যাওয়া চলচ্চিত্রটির কাহিনি লিখেছেন হুমায়ুন কবির বিশ্বাস। সংলাপ লিখেছেন মোজাফফর হোসেন। চিত্রনাট্য সংশোধন ও পরিমার্জন করেছেন গুণী চলচ্চিত্রকার যুগল নূরুল আলম আতিক ও মাতিয়া বানু শুকু।