মহীনের ঘোড়াগুলি’র বাপীদা’র জন্য ঢাকায় কনসার্ট

সত্তর দশকের জনপ্রিয় বাংলা ব্যান্ডগুলোর একটি মহীনের ঘোড়াগুলি। দলটি কলকাতার হলেও তাদের গানের প্রভাব ছড়িয়ে আছে গোটা বাংলায়, এখনও। এই ব্যান্ডের অন্যতম সদস্য তাপস বাপী দাস। যিনি বাপীদা নামে সমধিক পরিচিত, কিছু দিন ধরে লড়ছেন মরণব্যাধি ক্যানসারের সঙ্গে।

তার চিকিৎসা সহায়তায় এবার এগিয়ে এলো মহীনের ঘোড়াগুলি’র বাংলাদেশি ভক্তরা। দেশের শিল্পীদের উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘ভালোবাসি জ্যোৎস্নায়’ শীর্ষক কনসার্ট। যা অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুলাই ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে। আর এই কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ ব্যয় হবে তাপস বাপী দাসের চিকিৎসায়। এই আয়োজনে অংশ নেওয়া প্রত্যেক শিল্পী মহীনের গানের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে বিনা পারিশ্রমিকে গাইবেন।

কনসার্টের অন্যতম আয়োজক গৌতম কে শুভ জানান, ‘বাপীদা ক্যানসারের সঙ্গে লড়ছেন অনেক দিন ধরে। পশ্চিমবঙ্গ সরকার তার পাশে দাঁড়িয়েছে। কলকাতার শিল্পীরাও তার জন্য কনসার্ট করে অর্থ সংগ্রহ করছে। এবার আমাদের পালা। আমাদের মনে হয়েছে, বাংলাদেশে আমরা যারা মহীনের গান শুনে বড় হয়েছি তাদেরও কিছু করার দরকার। ভালোবাসার জায়গা থেকেই এই আয়োজন।’

তাপস বাপী দাস‘ভালোবাসি জ্যোৎস্নায়’ কনসার্টে অংশ নিচ্ছেন অর্ঘ্য, অন্তু দাস, আরমীন মূসা, আসির আরমান, আহনাফ খান অনিক, আহমেদ হাসান সানি, কাকতাল, জয় শাহরিয়ার, তানযীর তুহিন (আভাস), তিলক, দ্যা রেহমান ড্যুও, নাঈম মাহমুদ, প্রবর রিপন (সোনার বাংলা সার্কাস), ফারহান, ফারাহ দিবা তাসনিম, ভাষা, মাঈশা মারিয়াম, মাসুদ হাসান উজ্জ্বল, মিশু (শহরতলী), মুয়ীজ মাহফুজ, মুসা কলিম মুকুল, রাজু (সহজিয়া), রাব্বি (সহজিয়া), রায়হানুল ইসলাম শুভ্র, রাশিদ শরীফ শোয়েব (মেঘদল), রিয়াদ হাসান, রোকসানা আমিন, লাবিক কামাল গৌরব, লিমন, লিসান, সন্ধি, সভ্যতা, সালেকিন, সিনা হাসান (বাংলা ফাইভ), সুহৃদ ও শুভেন্দু দাস শুভ।

জানা গেছে, ১৪ জুলাই কনসার্ট শুরু হবে বিকাল ৪টায়। ইতোমধ্যে কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা, ১০০০ টাকা, ২০০০ টাকা ও ৫০০০ টাকা। এই আয়োজনের সঙ্গে এক হয়ে কাজ করছে ইভেন্টহোলিক, অ্যাকোস্টিকা ও আজব প্রকাশ।কনসার্টের পোস্টার