নির্মাতা ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাসকে নিয়ে তৈরি হলো একটি টিভি নাটক। নাম ‘হ্যাপি বার্থডে’। এটি নির্মাণ করেছেন জীবন শাহাদাৎ।
না, দেবাশীষ বিশ্বাসের ওপর কোনও বায়োগ্রাফি নয়; কিংবা তার জীবনের কোনও ঘটনা অবলম্বনেও নয় এটি। মিঠু খন্দকারের প্রযোজনায় অনুরুপ আইচের গল্পের ছায়া অবলম্বনে ভিন্ন একটি গল্প দিয়ে নাটকটি নির্মিত হয়েছে। যার অন্যতম চরিত্রে অভিনয় করেছেন দেবাশীষ বিশ্বাস। এতে তার বিপরীতে আছেন হিমিকা হিমি।
সম্প্রতি শুটিং শেষ হওয়া এই নাটকে দেবাশীষ বিশ্বাসকে দেখা যাবে একজন ব্যাচেলর লেখকের চরিত্রে। তার ফ্ল্যাটে একদিন এসে হাজির হন অচেনা এক মেয়ে। যে মেয়েটি লেখককে দাবি করেন, এটি তার চাচার বাসা। ৬ মাস আগেও তিনি এই বাসায় এসেছেন, থেকেছেন। এমনকি লেখকের বাসার পর্দা-সোফা সবই তার পরিচিত।
অথচ লেখকের দাবি, এই বাসায় তিনি চার বছর ধরে বসবাস করছেন। এবং তিনি মেয়েটিকে চেনেন না।
এমনই এক অদ্ভুত গল্পে নির্মিত হলো ‘হ্যাপি বার্থডে’।
এদিকে নির্মাতা জীবন শাহাদাৎ বলেন, ‘এবার দেবাশীষ বিশ্বাসকে অভিনেতা হিসেবে আবিষ্কার করবেন দর্শক। গল্পটা অন্যরকম। আশা করছি ভালো কিছু হবে।’
নাটকটিতে আরও অভিনয় করেছেন তমাল মাহবুব, তাবাসসুম মিথিলা প্রমুখ। নির্মাতা জানান, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে শিগগিরই।