সোজা কথায়, এবারের ঈদে তারা দুজন প্রতিদ্বন্দ্বী কিংবা প্রতিযোগী। কেননা, দুজনেরই নতুন ছবি মুক্তি পাচ্ছে। অথচ একে অপরকে শুভকামনা জানিয়ে যে বার্তা দিলেন, তাতে অবাক মুগ্ধতায় ছেয়ে গেছে ভক্তদের মন।
একটু পেছন থেকে শুরু করা যাক। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’র কেন্দ্রীয় চরিত্রে আছেন মাহফুজ আহমেদ। ছবির প্রচারণায় বিভিন্ন সাক্ষাৎকার ও সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন অভিনেতা। সেই সুবাদে নিজের ছবির পাশাপাশি অন্যান্য ছবি নিয়েও কথা বলেছেন তিনি।
বাদ যায়নি ‘প্রিয়তমা’ তথা শাকিব খানের প্রসঙ্গ। ঢালিউড নবাবের প্রশংসায় মাহফুজ আহমেদ বলেছেন, ‘শাকিব খান শুধু নায়ক না, অনেক বড় একজন অভিনেতা। দুটো জিনিসের সমন্বয়ের অভাব আছে আমাদের। কেউ অভিনয় পারলে নায়কোচিত না, আবার নায়কোচিত হলে অভিনয় পারে না। শাকিব খান একইসঙ্গে অভিনেতা এবং নায়ক।’
শাকিব বললেন, ‘হঠাৎ মাহফুজ ভাইয়ের ফোন পেয়ে ভীষণ ভালো লাগলো। অনেক কথা আর দারুণ সব ভাবনা বিনিময়ও হলো। আট বছর পর আবার সিনেমায় ফিরছেন আমাদের প্রিয় মাহফুজ ভাই। তিনি একজন চমৎকার মানুষ ও অসাধারণ অভিনেতা। প্রত্যাশা রাখি তিনি আমাদের মাঝে থাকবেন, নিয়মিত সিনেমায় অভিনয় করবেন।’
বলা দরকার, শাকিবের ‘প্রিয়তমা’ নির্মাণ করেছেন হিমেল আশরাফ। এতে তার নায়িকা কলকাতার ইধিকা পাল। ঈদের দিন থেকে শতাধিক প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি।
‘প্রহেলিকা’য় মাহফুজের সঙ্গে আছেন শবনম বুবলী ও নাসির উদ্দিন খান। দুই হালি প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাবে।