দক্ষিণ কোরিয়ার পপ ব্যান্ড ‘বিটিএস’র কনিষ্ঠতম সদস্য জাংকুক। তবে বয়সে সবার ছোট হলেও রেকর্ডে অনেকের চেয়ে এগিয়ে। ইতোমধ্যে নিজেকে বিশ্বজুড়ে পরিচিত করে তুলেছেন তিনি। ফিফা বিশ্বকাপের মতো আয়োজনে পারফর্ম করে মাতিয়েছেন বিশ্ব। যেটা ছিল প্রথম কোনও কে-পপ তারকার অংশগ্রহণ। এছাড়া স্পটিফাইতেও বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। গত ২৭ মার্চ দ্রুততম সময়ে ১ বিলিয়ন স্ট্রিমিংয়ের খেতাবটি নিজের করে নেন এই তরুণ।
এদিকে চলতি মাসেই একক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করছেন জাংকুক। আগামী ১৪ জুলাই প্রকাশ হবে তার প্রথম একক গান ‘সেভেন’। মজার ব্যাপার হলো, এই দিনেই তিনি নতুন আরেকটি রেকর্ড গড়তে যাচ্ছেন। প্রথম কে-পপ তারকা হিসেবে বিখ্যাত ‘গুড মর্নিং আমেরিকা (জিএমএ) সামার কনসার্ট সিরিজ’-এ একক পারফর্ম করতে যাচ্ছেন তিনি।
এর আগে ২০১৯ এবং ২০২১ সালে নিজের দল ‘বিটিএস’র সঙ্গে এই সিরিজ কনসার্টে পারফর্ম করেছিলেন জাংকুক। এবার একাই মাতাবেন মার্কিন নাগরিকদের। খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই তার ভক্তরা উচ্ছ্বাসে ফেটে পড়ছেন। সোশ্যাল মিডিয়ায় বিরাজ করছে বিটিএস আর্মিদের (ভক্ত) উন্মাদনা।
এবারের জিমএ সিরিজ কনসার্টে আরও পারফর্ম করবে ব্যান্ড ‘ফিটজ অ্যান্ড দ্য ট্যানট্রামস’, গায়িকা কার্লি রে জেপসেন, ফ্যাট জো, রেমি মা, বুস্টা রাইমস, হোজায়ার, টিম ম্যাকগ্রো ও স্যাম হান্ট।
সূত্র: হিন্দুস্তান টাইমস