শহীদুল ইসলাম খোকন পরিচালিত সুপারহিট ছবি ‘ম্যাডাম ফুলি’ মুক্তি পেয়েছিল ১৯৯৯ সালে। যে ছবির মাধ্যমে রাজকীয় অভিষেক হয় সিমলার। অন্যদিকে ৯০ দশকের আরেক আলোচিত নির্মাতা মালেক আফসারী। সিনেমা না বানিয়েও যিনি এখনও তুমুল আলোচনায়; তবে নির্মাতা হিসেবে নয়- ইউটিউবার/ফেসবুকার হিসেবে!
প্রসঙ্গগুলো এই খবরে অপ্রাসঙ্গিক হলেও অনেকটা কান টানলে মাথা আসার মতো। রবিবার (১৬ জুলাই) প্রকাশ হয় মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ময়ূরাক্ষী’র প্রথম পোস্টার। যাতে দেখা মেলে এই ছবির নায়িকা ববির একটি পোস্টার! হুম, পোস্টারের ভেতরেই আরেকটি পোস্টার দেয়ালে ঝুলছে! যেটির কারণেই খবরের শুরুতে উঠে এসেছে ‘ম্যাডাম ফুলি’ আর মালেক আফসারীর নাম।
কারণ, ‘ময়ূরাক্ষী’র এই পোস্টারের ভেতরে ঝুলে থাকা পোস্টারের সুবাদে পাওয়া গেছে এই দুটি বিষয়। যেখানে লেখা আছে খালেক আফসারী পরিচালিত ‘ম্যাডাম তুলি’! আর তুলি হিসেবে শোভা পাচ্ছে ‘ময়ূরাক্ষী’র নায়িকা ববির ছবি। দেয়ালে লাগানো সেই পোস্টারের নিচেই গুটিশুটি মেরে শুয়ে আছেন ‘ময়ূরাক্ষী’র নায়ক সুদীপ বিশ্বাস দ্বীপ।
এভাবেই বেশ চমকদার ভঙ্গিতে তৈরি হলো রাশিদ পলাশের সিনেমা ‘ময়ূরাক্ষী’র পোস্টার। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান আজ ইন্টারন্যাশনাল জানায়, এই পোস্টার প্রকাশের মাধ্যমেই ছবিটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে।
রাশিদ পলাশ জানান, এটি সিনেমাটির থিম পোস্টার। এরপর আরও কিছু পোস্টার প্রকাশ হবে ধারাবাহিকভাবে। আসছে সেপ্টেম্বরে ছবিটি মুক্তির প্রস্তুতি চলছে।
নির্মাতা বলেন, ‘সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে সিনেমাটি। এ ছাড়া আমাদের শোবিজ অঙ্গনের মানুষের সম্পর্কের টানাপোড়েনও দেখা যাবে। দর্শক ভিন্ন রকম এক গল্পের সিনেমা উপভোগ করতে পারবেন।’
‘ময়ূরাক্ষী’-তে ববি ও সুদীপ বিশ্বাস দ্বীপ ছাড়াও অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল, কস্তূরী চৌধুরী প্রমুখ।
সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব এবং গান গেয়েছেন মুহিন খান, পূর্ণতা, তরসা ও জাহিদ নিরব।