কলকাতা তথা পশ্চিমবঙ্গে এখন চলছে আফরান নিশো বন্দনা। রাত পোহালেই (২১ জুলাই) সেখানকার ২৯ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘সুড়ঙ্গ’। সিনেমার মূল কুশলীরাও এরমধ্যে পৌঁছেছেন কলকাতা শহরে। চালাচ্ছেন জোর প্রচারণা। সব মিলিয়ে টলিউড যেন হুট করেই মোড় নিলো ঢালিউডের ‘সুড়ঙ্গ’-এ। সেই সুবাদে আলোচনার টেবিলে উঠে এসেছে অভিষেক নায়ক আফরান নিশোর নাম-পরিচয়। ভারতের বাংলা মাধ্যমে এই নায়ককে নিয়ে এখন ভালোই চর্চা চলছে।
নতুন খবর হলো, আফরান নিশোকে নিয়ে টলিউড চর্চা জমে ওঠার আগেই সেখানে ঢুকে পড়লেন ঢালিউড কিং শাকিব খান। জানা গেলো, লম্বা বিরতির পর ফের কলকাতায় যাচ্ছেন শাকিব খান। খবর আনন্দবাজার পত্রিকার।
শেষ ২০১৮ সালে রাজ বিশ্বাস পরিচালিত ছবি ‘নাকাব’-এ টলিউড বাজারে দেখা গেছেন শাকিব খানকে। মাঝে কেটে গিয়েছে অনেকগুলো বছর। করোনা পরিস্থিতির পরে বাংলাদেশ থেকে কলকাতায় আর ফেরা হয়নি অভিনেতা।
তবে এসব বিষয়ে এসকে মুভিজ কর্তৃপক্ষ বা শাকিব খান কোনও মন্তব্য করতে রাজি হননি।