বাংলা সিনেমার মহানায়ক উত্তম কুমার। ২৪ জুলাই ছিল তার প্রয়াণ দিবস। প্রতি বছর এই দিনে তার স্মরণে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে টলিউডের অভিনয়শিল্পীদের একটি সম্মাননা দেওয়া হয়। যেটার নাম ‘মহানায়ক সম্মান’।
ব্যতিক্রম হয়নি এবারও। সোমবার (২৪ জুলাই) রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজ হাতে সম্মাননা তুলে দেন বিজয়ীদের হাতে। এবারের বিজয়ীদের মধ্যে রয়েছেন কোয়েল মল্লিক, অঙ্কুশ হাজরা, শ্রাবন্তী চ্যাটার্জি, শুভশ্রী গাঙ্গুলি, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার ও সায়ন্তিকা ব্যানার্জি।
‘মহানায়ক’ সম্মাননাটি নিয়ে বরাবরই সমালোচনা হয়। অভিযোগ রয়েছে, এটি কেবল পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল সমর্থকদের হাতে ওঠে। এবারও একই অভিযোগ পুরস্কারটি নিয়ে। অনেকে বলাবলি করছেন, তৃণমূলে ভিড়েই পুরস্কারটি পেয়েছেন শ্রাবন্তী।
২০২১ সালে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন শ্রাবন্তী চ্যাটার্জি। অংশ নেন লোকসভা নির্বাচনে। কিন্তু পরাজিত হন। এরপর বেশিদিন আর সেই দলে থাকেননি। ধীরে ধীরে তৃণমূলে ঘেঁষতে শুরু করেন। এবার ‘মহানায়ক’ সম্মান প্রাপ্তির মধ্য দিয়ে যেন তৃণমূলের সঙ্গে তার যোগসূত্র পাকা হলো।
পুরস্কার গ্রহণের মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শ্রাবন্তী। সঙ্গে লিখেছেন, “বাংলা চলচ্চিত্র শিল্পে আমার অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, আমাদের প্রিয় দিদির কাছ থেকে সম্মানজনক ‘মহানায়ক’ পুরস্কার পেয়ে আমি সম্মানিত এবং উচ্ছ্বসিত। এভারগ্রিন ম্যাটিনি আইডল উত্তম কুমারকে স্মরণ করছি। ধন্যবাদ সৃষ্টিকর্তা, ধন্যবাদ আমার ভক্তদের।”
এসব সমালোচনা, কটাক্ষের বিপরীতে অবশ্য শ্রাবন্তী কোনও প্রতিক্রিয়া দেননি। বরং খোশ মেজাজে নতুন কাজের ভাবনায় ডুবে আছেন।
সম্প্রতি শ্রাবন্তী ‘আমি আমার মতো’ নামের একটি সিনেমার কাজ শুরু করেছেন। এতে তার সঙ্গে আছেন জিতু কমল। ছবিটি পরিচালনা করছেন কমলেশ্বর মুখার্জি।