প্রবাসীদের ক্রিকেট উন্মাদনা নিয়ে শর্টফিল্ম, পাচ্ছে প্রশংসা

ক’দিন আগেই শুরু হয়েছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। যোগ্য দল হিসেবে এতে অংশ নিচ্ছে বাংলাদেশও। ইতোমধ্যে প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দারুণ সূচনা করেছে টাইগার বাহিনী। সেই আনন্দ-উচ্ছ্বাসের ছটা দেশজুড়েই দৃশ্যমান।

কিন্তু দেশের বাইরেও তো লাখো বাংলাদেশি আছেন। তারাও ভালোবাসেন দেশকে, দেশের ক্রিকেটকে। তাদের ভালোবাসা পড়ে থাকে নিভৃতে, রেমিট্যান্সের চাপে। তবে এবার সেই আবেগ-উন্মাদনার চিত্র উঠে এলো একটি শর্টফিল্মে। যেটা নির্মাণ করেছেন শাফায়েত হোসেন শাওন।

এতে অভিনয় করেছেন চিত্রনায়ক ওমর সানী ও কনটেন্ট ক্রিয়েটর শামীম আহমেদসহ অনেকে। গত ৬ অক্টোবর ফেসবুকে শর্টফিল্মটি উন্মুক্ত করা হয়। তিন দিনেই এটি প্রায় ভাইরাল হয়ে গেছে। শর্টফিল্মটির ভিউ ছাড়িয়েছে ৩৩ লাখ। পৌনে তিন লাখ রিঅ্যাকশন ও প্রায় পাঁচ হাজার মন্তব্যের সঙ্গে আট হাজারের বেশি শেয়ার হয়েছে এটি। সবগুলো মন্তব্যেই কাজটির প্রশংসা করছে দর্শক।

ওমর সানী ও শামীম আহমেদশর্টফিল্মটি নিয়ে ওমর সানী বলেন, ‘ভিন দেশে থাকলেও প্রবাসীদের মনে যে বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে একইরকম আবেগ কাজ করে, সেটাই ফুটিয়ে তোলা হয়েছে এখানে। শর্টফিল্মটি মুক্তির পর থেকেই বিপুল সাড়া পাচ্ছি। আশা করছি মানুষের এই ভালোবাসায় বিশ্বকাপে বাংলাদেশ দারুণ কিছু করবে।’

বিশেষ এই শর্টফিল্ম প্রযোজনা করেছে স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিটেড। প্রতিষ্ঠানটির পরিচালক মাঈন উদ্দিন জানান, প্রবাসীদের ক্রিকেটীয় আবেগ ও ভালোবাসা ছড়িয়ে দিতেই তাদের এ উদ্যোগ। এর আগেও প্রবাসীদের নিয়ে একাধিক শর্টফিল্ম উপহার দিয়েছে প্রতিষ্ঠানটি। সেগুলোও ভূয়সী প্রশংসা পেয়েছিল।

নতুন শর্টফিল্মটি দেখুন এখানে: