ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সংঘর্ষ ফের ভয়াবহ রূপ নিয়েছে। ইতোমধ্যে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ইসরায়েলের এক হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। অন্যদিকে ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা ৭৮০।
বিষয়টি নিয়ে আন্তর্জাতিক রাজনীতি থেকে কূটনীতি, সব মহলেই আলোচনা চলছে। বাদ নেই শোবিজ জগতের তারকারাও। অনেক তারকা ইতোমধ্যে হামাস-ইসরায়েল সংঘর্ষ নিয়ে সরব হয়েছেন। যদিও বেশিরভাগই ইসরায়েলের সমর্থনে কথা বলছেন।
এবার এই সংঘর্ষ নিয়ে নিজের অভিমত জানালেন মার্কিন সুপারমডেল জিজি হাদিদ। ইনস্টাগ্রামে এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘সমর্থনের অযোগ্য এই ট্র্যাজেডিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সবার প্রতি আমার সমবেদনা। প্রতিদিন নিরপরাধ মানুষকে মেরে ফেলা হচ্ছে এই সংঘাতে, তাদের মধ্যে অনেক শিশুও রয়েছে।’
জিজি হাদিদের পৈতৃক শেকড় ফিলিস্তিনে। তার বাবা মোহাম্মদ হাদিদের জন্ম সেখানে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রে গিয়ে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হন। জিজি বলেন, ‘ফিলিস্তিনের সংগ্রাম ও জীবন নিয়ে আমার গভীর সহমর্মিতা আছে। এটা একটা দায়িত্বের মতো বহন করি আমি। সেই সঙ্গে আমার ইহুদি বন্ধুদেরও পরিষ্কার করতে চাই, তাদের প্রতিও আমার দায়িত্ব আছে, যেমন আগে ছিল। ফিলিস্তিনের জন্য আমার আশা ও স্বপ্ন আছে, তবে সেটার মধ্যে কোনও ইহুদি ব্যক্তির ক্ষতিসাধন নেই।’
জিজি হাদিদের মতে, ‘ফ্রি প্যালেস্টাইন’ মুভমেন্টের সঙ্গে মানুষকে সন্ত্রাসবাদে জড়িয়ে ফেলার কোনও সম্পর্ক নেই। এটা আন্দোলনের জন্য ভালো কিছু বয়ে আনে না।
উল্লেখ্য, গেলো শনিবার (৭ অক্টোবর) সকালে কয়েকশ’ ফিলিস্তিনি যোদ্ধা গাজা উপত্যকার সীমানা অতিক্রম করে ইসরায়েলে প্রবেশ করে। তারা স্থল, সাগর ও আকাশ পথে প্রবেশ করে ইসরায়েলি শহর, থানা দখল করে বিস্ময় ছড়ায়। একই সঙ্গে তারা কয়েক হাজার রকেট নিক্ষেপ করে ইসরায়েলি ভূখণ্ডে। যার ফলে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের সংঘাত শুরু হয়। বিপরীতে ইসরায়েলও দীর্ঘ ও ধ্বংসাত্মক যুদ্ধের হুমকি দিয়েছে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে বড় ধরনের আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: মারকা