সব কিছু ঠিক থাকলে এই ছবির মাধ্যমে শাকিব খানের বলিউড অভিষেক হতে চলেছে। কারণ, বাংলাদেশের পাশাপাশি এটি প্রযোজনা করছে মুম্বাইয়ের একটি প্রতিষ্ঠান। ছবির নাম ‘দরদ’। শুধু প্রযোজক না, ছবির নায়িকাও থাকছেন বলিউড থেকে। তিনি ‘জান্নাত’ খ্যাত সোনাল চৌহান।
বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘দরদ’ ছবির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ আয়োজনে প্রথমবার একসঙ্গে দেখা দিয়েছেন শাকিব খান ও সোনাল চৌহান। পাশাপাশি বসে থাকা ছবিটি নিয়ে কথা বলেছেন, দুই দেশের মধ্যকার সিনে-সম্পর্ক নিয়েও আলাপ করেছেন।
শুরুটা করলেন সোনাল, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চিত্রনাট্য; এই ছবির চিত্রনাট্য সত্যিই চমৎকার। আমি যতবার এটা পড়েছি, তত মুগ্ধ হয়েছি। আমি বিভিন্ন ভাষায় সিনেমা করেছি। সেই সূত্রে বরাবরই বলি, সিনেমার কোনও নির্দিষ্ট ভাষা হয় না। এটা কেবল নির্মাতার গল্প বলার একটি মাধ্যম। আর আমরা অভিনেতা-অভিনেত্রীও সেই মাধ্যমের অংশ।’
বলিউডে প্রথম প্রেস কনফারেন্স। তাই হয়তো কিছুটা নার্ভাস ছিলেন শাকিব খান। জড়তা কাটাতে কাটাতে বললেন, ‘আসলে আমি বুঝতে পারছি না, কী বলা উচিত, কী উচিত না। তবে একটি বিষয় বলতে চাই, এটা একটি ইউনিক ছবি হবে। এর গল্পটা খুব সুন্দর। আমরা আশা করছি মানুষ ছবিটা পছন্দ করবে। আর এটা আমার প্রথম প্যান ইন্ডিয়ান ছবি। সুতরাং আপনাদের ভালোবাসা ও সমর্থন পাবো আশা করি।’
জানা গেছে, আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) থেকেই ‘দরদ’র ক্যামেরা ওপেন হচ্ছে। ছবিটি পরিচালনা করছেন অনন্য মামুন। এতে টলিউডের পায়েল সরকার, বাংলাদেশের মিশা সওদাগর, লুৎফর রহমান জর্জ, এলিনা শাম্মী ও বলিউডের রাজেশ শর্মাসহ অনেকে অভিনয় করবেন। ছবিটি বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে।