প্রথম অ্যালবাম দিয়েই শ্রোতাদের কাছে বিশেষ জায়গা করে নিয়েছে ব্যান্ড ‘সোনার বাংলা সার্কাস’। ‘হায়েনা এক্সপ্রেস’ নামের সেই অ্যালবামের নামেই গত কয়েক মাস ধরে একটি সিরিজ কনসার্ট করে আসছে ব্যান্ডটি। এবার সেটার সমাপ্তি হচ্ছে।
শুক্রবার (৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওতে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। এর পৃষ্ঠপোষকতায় নেটসিটি এডুকেশন। বরাবরের মতো এই কনসার্টেও ‘সোনার বাংলা সার্কাস’র একক পারফর্মেন্স থাকছে।
এ প্রসঙ্গে ব্যান্ডটির ম্যানেজার গৌতম কে শুভ জানান, এর আগে ঢাকায় দুটি, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল ও রংপুরে একটি করে ‘হায়েনা এক্সপ্রেস এক্সপেরিয়েন্স’ নামে কনসার্ট করেছেন তারা। ফের ঢাকায় কনসার্ট দিয়েই সিরিজটি শেষ হচ্ছে। শুক্রবার বিকাল ৫টায় শুরু হবে কনসার্ট, চলবে রাত ৮টা পর্যন্ত।
উল্লেখ্য, ‘সোনার বাংলা সার্কাস’র বয়স বেশি না হলেও শ্রোতামহলে এর গ্রহণযোগ্যতা দারুণ। যার প্রমাণ গেলো এক বছরে দেশ ও দেশের বাইরে ৫৫টি রেগুলার ও পাঁচটি একক কনসার্ট।
শুক্রবারের কনসার্টে ব্যান্ডটির নিয়মিত গানের পরিবেশনার পাশাপাশি থাকছে আনপ্লাগড কিছু গান, কবিতা, জোকারদের পারফর্মিং আর্টসহ বিভিন্ন আয়োজন। অনলাইনে প্ল্যাটফর্ম www.sbctour.live –এ টিকিট পাওয়া যাচ্ছে। এছাড়া আসন খালি থাকা সাপেক্ষে ভেন্যুতেও টিকিট পাওয়া যেতে পারে। টিকিটের মূল্য ৫০০ টাকা।