একাত্তরের রক্তাক্ত ২৫ মার্চ রাতের ভয়াল ঘটনাকে কেন্দ্র করে লামিসা শিরীন হোসাইনের গল্প ‘লোন সার্ভাইভার’ অবলম্বনে পদাতিক নাট্য সংসদের ৩৮ তম প্রযোজনা ‘কালরাত্রি’। ড. তানভীর আহমেদ সিডনী নাট্যরূপে এটি নির্দেশনা দিয়েছেন ওয়াহিদুল ইসলাম এবং নির্দেশনা উপদেষ্টা সৈয়দ ইশতিয়াক হোসাইন টিটো।
আগামী ৮ নভেম্বর বুধবার, সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে নাটকটি মঞ্চায়িত হবে। এমনটাই জানান দলটির প্রচার ও গণ-যোগাযোগ সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল।
নাটকটি প্রসঙ্গে নির্দেশক ওয়াহিদুল ইসলাম বলেন, ‘স্বাধীনতার সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ ছিল উল্লেখ করার মতো। জগন্নাথ হল ও তার আশেপাশের এলাকায় ২৫ মার্চ কালরাত্রিতে যে গণহত্যা হয়েছিল তারই ভয়াল চিত্র উঠে এসেছে আমাদের এই নাটকে। যেখানে একজন শিক্ষক, তার ছাত্রদের উদ্বুদ্ধ করেছেন লড়াইয়ে নামতে। সেই রাতে বেঁচে থাকা একজন মুক্তিযোদ্ধা ছাত্র এবং তাদের পথপ্রদর্শক সেই শিক্ষকের চোখে যে বাংলাদেশ বেঁচেছিল তারই মঞ্চসৃজন এটি।’