৫ বছর পর তাদের সিক্যুয়েল গান

রেজাউর রহমান রিজভীর কথায় ২০১৮ সালের জুলাই মাসে প্রকাশ হয় সংগীতশিল্পী রাকিব মোসাব্বিরের ‘ভালোবাসার মেইল ট্রেন’। ৫ বছর পর সেই গানের রেশ ধরে প্রকাশ হলো সিক্যুয়েল। নাম ‘ভালোবাসার মেইল ট্রেন-২’।

৬ নভেম্বর টিউন ফ্যাক্টরির ইউটিউব চ্যানেলে গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ করা হয়। গানটিতে কণ্ঠ দেবার পাশাপাশি সুর ও সংগীত করেছেন রাকিব মোসাব্বির নিজেই।

গানটি প্রসঙ্গে রাকিব মোসাব্বির বলেন, ‘রিজভী ভাইয়ের সঙ্গে কাজ করছি এক দশকেরও বেশি সময় ধরে। এ পর্যন্ত তার সঙ্গে অসংখ্য গানের কাজ করেছি। এখন কিছু গানের সিক্যুয়েল করার পরিকল্পনা করেছি আমরা। সেই পরিকল্পনারই অংশ হিসেবে এই গানটি প্রকাশ করা হলো।’

ইউটিউবের পাশাপাশি গানটি স্পটিফাই, আই টিউনস, অ্যামাজন মিউজিক, ফেসবুক, টিকটক, স্বাধীন মিউজিকসহ বিশ্বব্যাপী ২০টিরও অধিক অ্যাপ-এ প্রকাশ করা হয়েছে।