ছুটির দিন হিসেবে শুক্রবার নগরবাসীর জন্য অবসরের, বিনোদনের। আর এই দিনেই যদি থাকে কনসার্ট, সেটা গানপ্রেমীদের জন্য সোনায় সোহাগা বটে। আরও মজার ব্যাপার হলো, এই শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে শুধু একটি নয়, বরং দুটি আকর্ষণীয় কনসার্ট হচ্ছে।
একটি হলো ‘কোক স্টুডিও বাংলা লাইভ’, অন্যটি ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার’। প্রথমটি অনুষ্ঠিত হবে বনানীর আর্মি স্টেডিয়ামে, অন্যটি উপভোগ করা যাবে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে। দুটি কনসার্টই শুরু হবে সন্ধ্যায়।
শতাধিক শিল্পী নিয়ে বিশাল আয়োজনের পসরা সাজিয়েছে কোক স্টুডিও বাংলা টিম। এ কনসার্টে গাইবেন শায়ান চৌধুরী অর্ণব, অনিমেষ রায়, পান্থ কানাই, মমতাজ বেগম, মিজান রহমান, ঋতু রাজ, সানজিদা মাহমুদ নন্দিতা, নিগার সুলতানা সুমি, জালালি সেট, রিপন কুমার সরকার (বগা), সুনিধি নায়েক, সৌম্যদীপ শিকদার (মুর্শিদাবাদী), কানিজ খন্দকার মিতু, মো. মাখন মিয়া, রুবাইয়াত রেহমান, জান্নাতুল ফেরদৌস আকবর, শানিলা ইসলাম, আরমীন মুসা ও ঘাসফড়িং কয়্যার, রিয়াদ হাসান, পল্লব ভাই, মেঘদল, জহুরা বাউল, সোহানা (ডটার অফ কোস্টাল), মুকুল মজুমদার ঈশান, প্রীতম হাসান, ইসলাম উদ্দিন পালাকার, ফজলু মাঝি, ইমন চৌধুরী, এরফান মৃধা শিবলু, আলেয়া বেগম, ফুয়াদ আল মুক্তাদির, বাপ্পা মজুমদার এবং হামিদা বানুসহ দুই সিজনের শিল্পীরা।
উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে বিশেষ অতিথি হিসেবে থাকছেন এলিটা করিম, শুভ (ডি রকস্টার), আনিকা ও অনুরাধা মণ্ডল। ব্যান্ড পারফরম্যান্স দিয়ে দর্শকদের মুগ্ধ করতে থাকছে হাতিরপুল সেশনস ও লালন।
কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের হেড অব মার্কেটিং আবীর রাজবীন বলেন, ‘সারা বাংলাদেশে কোক স্টুডিও বাংলা খুবই জনপ্রিয় এবং ভক্তরাও আরেকটা কনসার্ট আয়োজনের জন্য অনুরোধ করে আসছিলেন। কোক স্টুডিও বাংলার ম্যাজিক দিয়ে দর্শক-শ্রোতাদের মাতাতে প্ল্যাটফর্মটির ১০০ জনের বেশি শিল্পীর একটি দল প্রস্তুত। আমরা বিশ্বাস করি, এই কনসার্ট ভক্তদের জীবনে অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে।’
দুপুর দেড়টায় খুলে দেওয়া হবে স্টেডিয়ামের গেট। তবে কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টায়। এটি সরাসরি ছাড়াও কোক স্টুডিও বাংলার ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল, দীপ্ত প্লে ও টফি-তে দেখা যাবে।
অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গের নন্দিত সংগীতশিল্পী নচিকেতার সংগীত জীবনের তিন দশক উপলক্ষে ঢাকায় কনসার্টের আয়োজন করছে আজব কারখানা। এই আয়োজনে তার সঙ্গে গাইবেন প্রতিষ্ঠানটির কর্ণধার জয় শাহরিয়ার। কনসার্টে অংশগ্রহণের ব্যাপারে নিশ্চিত করে একটি ভিডিও বার্তাও দিয়েছেন নচিকেতা। কনসার্টটি সরাসরি ছাড়াও উপভোগ করা যাবে বিনোদন প্ল্যাটফর্ম টফিতে।
উল্লেখ্য, ১৯৯৩ সালে প্রকাশ হয়েছিল নচিকেতা চক্রবর্তীর প্রথম একক অ্যালবাম ‘এই বেশ ভালো আছি’। ব্যতিক্রম কথা-সুরের গানে প্রথম অ্যালবামেই জিতে নেন শ্রোতাদের মন। এরপর বহু একক, মিশ্র অ্যালবাম ও সিনেমার গানে তিনি কালজয়ী হয়েছেন।