মহান বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) মঞ্চস্থ হতে যাচ্ছে ইতিহাসনির্ভর নাটক ‘ভাগের মানুষ’। রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এটি প্রদর্শিত হবে।
বিষয়টি নিশ্চিত করে নাট্যদল সময়। এটি দলটির ২৬তম প্রযোজনা।
১৯৯৭ সাল থেকে দেশে-বিদেশে নাটকটির নিয়মিত প্রদর্শনী করে আসছে সময়। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আকতারুজ্জামান, রেজাউর রহমান, ফখরুল ইসলাম মিঠু, তোফায়েল সরকার, মানসুরা আক্তার লাভলী, পাভেল ইসলাম, সুনীতা বড়ুয়া, আলমগীর হোসেন, মাহমুদুল আলম, ইয়ামিন জুয়েল, সাইফুল বাবু, সানি, চন্দন বোস, সাবিহা সুলতানা, সাঈফ, রাকিব আল হাসান প্রমুখ।
উপমহাদেশের প্রখ্যাত লেখক সা’দত হাসান মান্টোর ছোট গল্প ‘টোবাটেক সিং’ অবলম্বনে ‘ভাগের মানুষ’ নাটকটির নাট্যরূপ দিয়েছেন মান্নান হীরা এবং নির্দেশনা দিয়েছেন আলী যাকের। সহযোগী নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান, পোস্টার ডিজাইন করেছেন রফিকুন নবী, আলোক পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান, পোশাক পরিকল্পনা করেছেন মানসুরা আক্তার লাভলী, কণ্ঠশিল্পী সুনীতা বড়ুয়া এবং রূপসজ্জা প্রয়োগ করেছেন মোহাম্মদ আলী বাবুল।
প্রদর্শনীর টিকিট মূল্য ৫০০, ৩০০ ও ২০০ টাকা। প্রদর্শনীর দিন বিকেল ৪টা থেকে হলের কাউন্টারে টিকিট পাওয়া যাবে।