দেশজুড়ে আজ রবিবার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই আসরে ঢাকাই শোবিজের পাঁচজন তারকা প্রার্থী হয়েছেন। এর মধ্যে নৌকা মার্কায় লড়ছেন আসাদুজ্জামান নূর, মমতাজ বেগম ও ফেরদৌস আহমেদ। আর চিত্রনায়িকা মাহিয়া মাহি আছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে; এছাড়া গায়িকা ডলি সায়ন্তনী অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) হয়ে।
প্রার্থীরাও ভোটার। ফলে তারাও ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন। এ দিন সকালেই নিজ নিজ ভোট সেরে নিয়েছেন নূর, মমতাজ ও ফেরদৌস। কিন্তু প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না মাহি ও ডলি।
নীলফামারী-২ আসনের প্রার্থী নন্দিত অভিনেতা আসাদুজ্জামান নূর। টানা চারবার সংসদ সদস্য হিসেবে এই আসনে দায়িত্ব পালন শেষে পঞ্চমবার প্রার্থী হয়েছেন। রবিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উদয়ন বিদ্যাপীঠ কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি।
ভোট প্রদান শেষে আসাদুজ্জামান নূর বলেছেন, ‘আমরা যেভাবে জনসমাগম দেখছি। মানুষের মধ্যে যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখছি, দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের নৌকা মার্কা জয়যুক্ত হবে। গণতন্ত্রের মূল বিষয়টা হলো, জনগণ সেখানে অংশ গ্রহণ করছে কী করছে না। কোনও ব্যক্তি বা দল অংশ গ্রহণ করার বিষয়ে গণতন্ত্র নির্ভরশীল নয়। জনগণ যা চায় সেটাই গণতন্ত্র।’
চিত্রনায়ক ফেরদৌস আহমেদ প্রার্থী হয়েছেন ঢাকা-১০ আসন থেকে। তবে তিনি নিজে ঢাকা-১৭ আসনের ভোটার। তাই সকাল সকাল নিজ এলাকায় গিয়ে ভাষানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন তিনি। বের হয়ে এসে গণমাধ্যমের সামনে বিজয় চিহ্ন প্রদর্শন করেন নৌকার আলোচিত এই প্রার্থী।
ভোট দেওয়া শেষে ফেরদৌস বলেন, ‘নিজ নির্বাচনী আসনে ভোট দিতে পারলে বেশি ভালো লাগতো। তবে আমার আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ভোট দিয়েছেন, এটি আমার জন্য অনেক বড় আনন্দের বিষয়।’
নিজ আসন মানিকগঞ্জ-২’র ভোটার ফোকসম্রাজ্ঞী মমতাজ। তাই রবিবার সকালেই ভোট দেওয়ার কাজটি সেরে নিয়েছেন তিনি। কেন্দ্রে ভোটারের উপস্থিতি প্রসঙ্গে অভিজ্ঞ এই সংসদ সদস্য বলেছেন, ‘সকালের দিকে কিছুটা কম ভোটার। আমার মনে হয় আস্তে-ধীরে ভোটাররা আসবে। আর দুপুরের দিকে ভোটারদের উপস্থিতি বাড়বে। প্রার্থী হিসেবে দেখলাম, এখানে যারা দায়িত্বে রয়েছেন বিশেষ করে প্রশাসন, তারা খুব কঠোরভাবে দায়িত্ব পালন করছেন। আমার কাছে মনে হয় সবাই যখন জানতে পারবে- সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে, তখন সবাই আসবে। সময়ের সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে।’
এদিকে এবারের নির্বাচনের অন্যতম আলোচিত প্রার্থী মাহিয়া মাহি। সিনেমার জনপ্রিয় এই নায়িকা প্রার্থী হয়েছেন রাজশাহী-১ তথা গোদাগাড়ী-তানোর থেকে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক মার্কা নিয়ে লড়ছেন তিনি। কিন্তু ভোট দেওয়া হচ্ছে না তার। কারণ তিনি ঢাকা উত্তরার ভোটার। আর নির্বাচনের কারণে তাকে রাজশাহীতেই সময় দিতে হচ্ছে। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ঘুরে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন।
অন্যদিকে গায়িকা ডলি সায়ন্তনীর অবস্থাও একই। তিনি পাবনা-২ আসন থেকে প্রার্থী হয়েছেন। কিন্তু নিজে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার ভোটার। তাই পাবনা থেকে এসে তারও ভোট দেওয়া হচ্ছে না। কেন্দ্রে গিয়ে তিনি কিছু অনিয়ম দেখেছেন বলে অভিযোগ করেছেন। ডলির ভাষ্য, ‘নিয়ম হলো বুথের ভেতরে গিয়ে ভোট দেবে। কিন্তু এখানে মাঠেই ভোট হয়ে যাচ্ছে। সকাল সকাল এই কাজগুলো হচ্ছে। আমি আর কয়েকটা কেন্দ্রে যাবো, যদি এমন দেখি, তাহলে ভোট বর্জন করবো।’