দুই সন্তান, অনেক স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষীকে এপারে অপেক্ষায় রেখে অবশেষে জীবনের ওপারে পাড়ি জমালেন অভিনেত্রী রিসাত লাবনী সীমানা।
মঙ্গলবার (৪ জুন) ভোর ছটার দিকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। তিনি জানান, সীমানার মরদেহ আজ দুপুর ১২টায় চ্যানেল আই প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে শেষ শ্রদ্ধা জানানোর জন্য।
প্রায় ১৪ দিন অচেতন ছিলেন সীমানা। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল গত ২০ মে। এরপর করানো হয় সার্জারি। কিন্তু আশানুরূপ কোনও উন্নতি হয়নি বলে দেয়া হয় লাইফ সাপোর্ট।
অসুস্থ হওয়ার পর থেকে সীমানা চিকিৎসাধীন ছিলেন ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে। তবে অবস্থার অবনতি হওয়ায় বুধবার (২৯ মে) অভিনেত্রীকে স্থানান্তর করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। তার সার্বিক অবস্থা জানিয়ে ভাই এজাজ তখন বলেছিলেন, মস্তিষ্কে রক্তক্ষরণ সমস্যার পর সীমানার কিডনি জটিলতাও দেখা দিয়েছে।
উল্লেখ্য, শোবিজে সীমানার পথচলা শুরু হয় ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে। এরপর থেকে তিনি নাটক, বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছিলেন। দেখা গেছে সিনেমায়ও। তবে মাঝে ২০১৬ সাল থেকে বছর ছয়েক পারিবারিক কারণে কাজ থেকে বিরতিতে ছিলেন। বিরতি কাটিয়ে গত বছর কাজে ফিরেছিলেন তিনি।