এলো পলাশ-অংকন জুটির নতুন গানচিত্র

ইতিমধ্যে ‘দেবর-ভাবি’ সিরিজের একাধিক গান করে আলোচনায় এসেছেন সংগীতজুটি গামছা পলাশ ও অংকন ইয়াসমিন। তাদের এই দেবর-ভাবির রসায়ন শ্রোতা-দর্শকদের মাঝে ভালো সাড়া ফেলেছে।  

দর্শকদের প্রত্যাশাকে মাথায় রেখেই এই জুটি একই সিরিজের নতুন গান নিয়ে হাজির হয়েছে। ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশিত গানটির শিরোনাম ‘দেওরা আমার চাকরি পাইছে’। 

রাসেল কবীরের কথায় সুর দিয়েছেন গামছা পলাশ। আর সংগীতায়োজনে ছিলেন তরিক। গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। ভিডিওতে দেবর-ভাবির ভূমিকায় দেখা যাচ্ছে দুই কণ্ঠশিল্পীকেই। 

গানটি নিয়ে অংকন ইয়াসমিন জানালেন, ‘খুবই মজার একটি গান। দেবর-ভাবি সম্পর্কের মধুরতা, অধিকার ও আবদারের মিশেল গানে গানে তুলে ধরার চেষ্টা করেছি আমরা। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’

পলাশ বললেন, ‘অংকন ও আমার কণ্ঠে শ্রোতা-দর্শক যে ঘরানার গান শুনতে পছন্দ করে তার পারফেক্ট কম্বিনেশন হলো এই সিরিজ। এবারও শ্রোতাদের মনের মতো একটি গান করার চেষ্টা করেছি।’ 

ইউটিউবে গানটির ভিডিও’র পাশাপাশি অডিও শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপ-এ।