দেশ-বিদেশের অনেক অভিনেতাই হোটেল-রেস্তোরাঁ বাণিজ্যে নিজেদের নাম লেখান। তবে কি অভিনেতা মোশাররফ করিমও সেই খাতাটি হাতে তুলে নিলেন? কারণ খোঁজ মিলেছে, অভিনেতা হাজির হচ্ছেন ‘আধুনিক বাংলা হোটেল’ নিয়ে!
এ বিষয়ে ৯ জুলাই একটি চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানও হয়েছে কাওরানবাজারে ‘চরকি’ কার্যালয়ে। চরকি প্রসঙ্গে অনেকেই জানবেন, বাজার অঞ্চলে অফিস হলেও এটি একটি ওটিটি প্ল্যাটফর্ম। কিন্তু ‘আধুনিক বাংলা হোটেল’র সঙ্গে প্রতিষ্ঠানটির সংযোগ কোথায়!
আছে, কারণ হোটেলের মূল কর্তাই যখন সময়ের শক্তিমান অভিনেতা, তখন তো চরকি’র সংযোগ থেকেই যায়। তাছাড়া খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া গেছে, এটি বাস্তব কোনও ভাতের হোটেল নয়, এই নামে হচ্ছে একটি বিশেষ সিরিজ।
যার মাধ্যমে প্রথমবার চরকি সিরিজে যুক্ত হলেন মোশাররফ করিম। সেজন্যই দুই পক্ষের চুক্তির আয়োজনটি বেশ ঘটা করে হলো। যাতে আনন্দচিত্তে হাজির ছিলেন সিরিজের নির্মাতা কাজী আসাদ, অভিনেতা মোশাররফ করিম, চরকি প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি, হেড অব কনটেন্ট অনিন্দ্য ব্যানার্জিসহ অনেকেই।
এই সিরিজে যুক্ত হওয়া প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘চরকির কনটেন্ট বরাবরই দারুণ এবং চমকপ্রদ হয়, তাই আমারও ইচ্ছা ছিল তেমনই ইন্টারেস্টিং একটা গল্পের মাধ্যমে প্রথমবারের মতো চরকি সিরিজে অভিনয় করার। তরুণ প্রতিভাবান কাজী আসাদের কারণে সেই সুযোগটাও এসে গেলো। চমৎকার এই সিরিজ নিয়ে আমি বেশ আশাবাদী।’
সংশ্লিষ্টরা জানান, এর মধ্যেই শুরু হয়েছে ‘আধুনিক বাংলা হোটেল’-এর শুটিং প্রস্তুতি।
বলা দরকার, এর আগে চরকি অরিজিনাল ফিল্ম ‘দাগ’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলেও এই প্রথম তাকে দেখা যাবে চরকির কোনও সিরিজে।