দুর্গম গিরি কান্তার-মরু দুস্তর পারাবার হে/ লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার! জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঐতিহাসিক এই বিপ্লবী গানটি নতুন আবহে আসছে আবার।
২৭ আগস্ট কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৬ আগস্ট বিকাল ৫টায় আরটিভি মিউজিকের ব্যানারে উন্মুক্ত হচ্ছে গানটি। এটিতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, অনিমেষ রায় ও সৈয়দ সুজন। নিতাই ঘটকের আদি সুরে গানটির নতুন সংগীতায়োজন করেছেন সৈয়দ সুজন।
গানটির ভিডিও নির্মাণ করেছেন নুর হোসেন হীরা। সম্প্রতি আরটিভির তেজগাঁও স্টুডিওতে শুটিং শেষ হয়। যাতে অংশ নেন তিন শিল্পী।
গানটি সোমবার আরটিভি পর্দার পাশাপাশি উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।