চলচ্চিত্র উৎসবের প্রিমিয়ার শো আর লালগালিচা; দুটোই যে কোনও তারকার জন্য বিশেষ স্থান। যেখানে প্রত্যেক তারকাই নিজেকে তুলে ধরতে চান সবচেয়ে আকর্ষণীয় আবহে। বিশেষ করে নারী তারকাদের বাহারি পোশাক বরাবরই নজরকাড়া থাকে লালগালিচায়। তারই প্রতিচ্ছবি মিললো ৪ সেপ্টেম্বর ভেনিস চলচ্চিত্র উৎসবে।
এদিন ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে ‘জোকার: ফোলি আ ডিউক্স’ সিনেমার। সেখানে অংশ নিতে লালগালিচায় পা মাড়ান ছবিটির অভিনেত্রী লেডি গাগা। সঙ্গে ছিলেন ছবির পুরো টিম। যদিও সবাইকে ছাপিয়ে এদিন সবার নজর কেড়ে নেন লেডি। তার পরনে ছিল কালো প্লিটেড স্কার্ট। মাথায় ছিল ব্যতিক্রমী একটি হেডপিস, যেটি এক ধরনের সুইপিং লেসের ওপর বিমূর্ত নকশা করা। ডিজাইন করেছেন ফিলিপ ট্রেসি। সবটা মিলেই এদিন লেডি গাগা যেন কালো গোলাপ হয়ে ফুটেছেন ভেনিসের লালগালিচায়।
‘জোকার’ সিক্যুয়েলে হার্লে কুইন চরিত্রে অভিনয় করেছেন সংগীত তারকা লেডি গাগা। ভেনিস উৎসবে ছবিটির প্রিমিয়ারে বাগদত্তা মাইকেল পোলানস্কিকে নিয়ে হাজির হয়েছিলেন তিনি। এ ছাড়া ‘জোকার’খ্যাত অভিনেতা হোয়াকিন ফিনিক্স ও পরিচালক টড ফিলিপসের সঙ্গেও ফটোসেশনে অংশ নেন গাগা।
প্রিমিয়ারের আগের দিন, লেডি গাগা-জোয়াক্যু ফিনিক্স-টড ফিলিপস একটি সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে লেডি গাগা বলেছেন, ‘আমরা সবাই একসঙ্গে কাজ করেছি এবং ছবিটির দৃশ্যত সবকিছুই একটি পেইন্টিংয়ের মতো করে তৈরি করা হয়েছিল। সংগীত থেকে সাজঘর পর্যন্ত। আমরা সত্যিই একটি টিম হিসেবে কাজ করেছি।’সিনেমায় জোয়াক্যু ফিনিক্স ও লেডি গাগা
আগামী ৪ অক্টোবর বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘জোকার: ফোলি আ ডিউক্স’।
সূত্র: হলিউড রিপোর্টার