নির্বাচনকে কেন্দ্র করে ঘটে যাওয়া নানান মজার বিষয় নিয়ে বাংলাভিশনে প্রচার হতে যাচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘কমন প্রবলেম’। জাতীয় নয়, এটি মূলত একটি এপার্টমেন্ট বাসিন্দাদের মধ্যে নির্বাচন। এটি এপার্টমেন্টকেন্দ্রিক হলেও, মূলত দেশের যে কোনও নির্বাচনেরই প্রতীকী রূপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আহসান আলমগীরের রচনা ও তপু খানের পরিচালনায় নাটকটি প্রচার হবে ৮ সেপ্টেম্বর থেকে প্রতি সপ্তাহে রবি ও সোমবার রাত ৮টা ৩০ মিনিটে।
অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, সাইদুর রহমান পাভেল, শাহনাজ খুশী, মুকিত জাকারিয়া, নাইমা আলম মাহা, শ্রেয়শী শ্রেয়া, স্বর্ণলতা, শিবলী নোমান, সিয়াম মৃধা, সাদিয়া রুবায়েত, আফরিন, আরফান মৃধা শিবলুসহ অনেকে।
তপু খান বলেন, ‘গল্পটি একটি এপার্টমেন্টর হলেও এটি মূলত আমাদের দেশের নির্বাচনী কালচারের প্রতিচ্ছবি। আশা করছি দর্শকরা তাদের প্রার্থীদের সঙ্গে চরিত্রগুলোর মিল খুঁজে পাবেন। গল্পটি যেমন মজার তেমন বাস্তবতার। সবাইকে নাটকটি দেখার আমন্ত্রণ জানালাম।’