বিতর্ক যেন ববিকে ছাড়ছেই না। নায়িকার শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ময়ূরাক্ষী’। রাশিদ পলাশের পরিচালনায় এতে তার বিপরীতে কাজ করেছেন সুদীপ বিশ্বাস দীপ। ছবিটি বেদম মার খায় প্রেক্ষাগৃহে। তবে নির্মাতার সঙ্গে তুমুল বিতর্কে জড়িয়ে ছবিটিকে আলোচনায় আনেন নায়িকা। অভিযোগ ওঠে নির্মাতার প্রতি নায়িকার চরম অসদাচরণের।
এবার ববিকে ঘিরে ৩০ লাখ টাকার অভিযোগ উঠেছে। তাকে নিয়ে প্রশ্ন তুলেছেন নির্মাতা জয় সরকার। নির্মাতার দাবি, ৪ লাখ টাকা অগ্রিম নিয়েও ‘আমার হৃদয়ের কথা’ সিনেমাটি করেননি ববি। আর সে কারণে প্রযোজকের ক্ষতি হয়েছে প্রায় ৩০ লাখ টাকা।
জানা যায়, নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ফাতেমা কথাচিত্রের প্রথম সিনেমা ‘আমার হৃদয়ের কথা’। যেখানে নায়িকা হিসেবে ববিকে চূড়ান্ত করা হয়। করা হয় সাইনিং। আব্দুল মজিদ নামের ওই প্রযোজক এখন প্রবাসে।
নির্মাতা জয় সরকার জানান, চলতি বছরের ১১ জানুয়ারি বিকালে ছিল সিনেমার মহরত। সেদিন অজানা কারণে মহরতে উপস্থিত হননি ববি।
এদিকে এসব অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিলেন ববি। বললেন, ‘এ রকম কোনও কিছুই আমি জানি না।’