নাজনীন নীহার নতুন নাটক ও নায়ক

তরুণ টিভি অভিনেত্রীদের মধ্যে বেশ উজ্জ্বল সময় পার করছেন নাজনীন নীহা। এরমধ্যে তৈরি করতে পেরেছেন ভক্ত সমাজ। যারা নীহার নাটকের জন্য নিয়মিত অপেক্ষা করেন।

ভক্তদের জন্য সুখবর হলো দেশের আরেক জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের নতুন নাটকে অভিনয় করেছেন নীহা। এটির নাম ‘যুগল’। এতে নীহার বিপরীতে অভিনয় করেছেন নতুন নায়ক রেহান। নাটকটির শুটিং সম্পাদনা শেষে এখন রয়েছে সম্প্রচারের অপেক্ষায়।

নির্মাতা জানান, ৩০ অক্টোবর রাত সাড়ে ১০টায় ‘যুগল’ প্রথমে সম্প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে। তারপর উঠবে ইউটিউব চ্যানেলে।
 
আরেকটি দৃশ্যে রেহান ও নাজনীন নীহা‘যুগল’-এর গল্প প্রসঙ্গে কিছুটা আগাম আভাস দিয়েছেন সংশ্লিষ্টরা। যাতে দেখা যাবে, আহনাফ অনেকদিন ধরে ফেসবুকে একটা মেয়েকে ফলো করে। মেয়েটির পোস্ট, ভিডিও তার ভালো লাগে। কিন্তু কখনও কোন রিঅ্যাক্ট দেয় না, কমেন্টও করে না। নাম তন্নী। হঠাৎ একদিন তন্নীকে আর ফেসবুকে পাওয়া যায় না। প্রতিদিন সার্চ করে আহনাফ। আইডি গায়েব। 

মাস তিনেক পর আহনাফের এক ফটোগ্রাফার বন্ধু তাকে জানায় একটা ফটোশুট আছে, আহনাফ মডেল হবে কিনা। ছাত্রজীবনে আহনাফের মডেল হওয়ার শখ ছিলো। তাই অফারটা পেয়েই রাজি হয়ে যায়। ফটোশুটের জন্য প্রস্তুত হয়ে স্টুডিওতে যায় আহনাফ। রেডি হয়ে বসে থাকে কিন্তু শুট শুরু হয় না। পরে জানা যায়, নতুন মডেল হওয়ায় আহনাফের সাথে শুট করতে রাজি না জনপ্রিয় মডেল দীপিকা!

এভাবে চলতে থাকে ‘যুগল’-এর গল্প। এতে আহনাফ চরিত্রে অভিনয় করেছেন রেহান। তন্নী চরিত্রে নাজনীন নীহা।আরেকটি দৃশ্যে রেহান ও নাজনীন নীহা

বলা দরকার, নীহার নায়ক ফররুখ আহমেদ রেহানকে প্রথমবার কোনও নাটকে দেখা যাবে। চলতি বছরে ভিকি জাহেদের ওয়েব সিরিজ ‘আরারাত’-এর মাধ্যমে দর্শকের নজর কাড়েন তিনি।

নিজের প্রথম নাটক নিয়ে রেহান বলেন, ‘আরিয়ান ভাই খুব শান্ত ও মেধাবী একজন পরিচালক। আমাকে তিনি যেভাবে গাইড করে নাটকে অভিনয় করিয়ে নিয়েছেন, সেটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। নীহাও আমাকে ভীষণ সাপোর্ট করেছেন। আমার প্রথম নাটক হিসেবে আমি ভীষণ উচ্ছ্বসিত। খুব প্রত্যাশা আমার এ নাটক ঘিরে।’

২০১৯ সালে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজের শুরু রেহানের। বেশ কিছু বিজ্ঞাপনেও মডেল হয়েছেন। মিনারের ‘রঙ্গিন’ গানের ভিডিওতে মডেল হয়েছেন। এরপর ওটিটি হয়ে এবার নাটকে সূচনা করতে যাচ্ছেন তিনি। রেহান ও নীহা