শাকিব খানের এই পথটা অনেকটা বলিউডের অক্ষয় কুমারের মতো। যিনি তাক লাগিয়েছেন জনসচেতনতামূলক সিনেমা ‘টয়লেট’-এ অভিনয় করে। ফিরেছেনও অক্ষয়ের শহর মুম্বাই থেকে। টানা ২৫ দিনের ‘বরবাদ’ শুটিং থেকে ছুটি নিয়ে ঢাকায় ফিরেছেন ১৮ নভেম্বর। উদ্দেশ্য বিশ্ব টয়লেট দিবস (১৯ নভেম্বর)।
যে দিনটির কথা দেশের অধিকাংশ মানুষ জানেই না, সেই দিবসে ঢালিউড খান হাজির হলেন শহরের একঝাঁক তারকা নিয়ে। জানালেন টয়লেট সচেতনতার গল্প। দিলেন সুবিধাবঞ্চিত মানুষগুলোর জন্য স্বস্তির খবর।
দেশের সবচেয়ে জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে শাকিব খান পালন করলেন বিশ্ব টয়লেট দিবস। এ উপলক্ষে হাইজেনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের ‘টাইলক্স হাইজেনিক আবাস’ ক্যাম্পেইনের উদ্বোধন ঘোষণা করেন তিনি।
রিমার্ক-হারল্যানের ডিরেক্টর তথা মেগাস্টার শাকিব খান তার বক্তব্যে বলেন, ‘অত্যাধুনিক সব পণ্য তৈরির পাশাপাশি আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী দেখতে চায় টাইলক্স। আর তাই, পরিবেশের সুরক্ষা নিশ্চিত করে টাইলক্স হাইজেনিক টয়লেট ক্লিনার উৎপাদন হচ্ছে দেশের সবচেয়ে বড় টয়লেট ক্লিনার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে, সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ গুণগতমানসম্পন্ন কাঁচামাল ব্যবহার করে।’
এদিকে মুম্বাইয়ে ফেলে আসা ‘বরবাদ’ ইউনিটে যুক্ত হতে ফের পহেলা ডিসেম্বর ঢাকা ছাড়বেন শাকিব খান। মাঝে ২২ নভেম্বর সদ্য মুক্তি পাওয়া ছবি ‘দরদ’ দেখতে সিনেমা হলে যাবেন তিনি। যদিও সফলতার বিচারে ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘তুফান’র ধারাবাহিকতা মিলছে না দর্শক রিভিউ থেকে।
বলা দরকার, ‘বরবাদ’ পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়। এটি নির্মাতার প্রথম সিনেমা। এতে শাকিবের সঙ্গে থাকছেন ‘প্রিয়তমা’ নায়িকা ইধিকা পাল।