বছর শেষে শুটিং, শুরুতে সম্প্রচার!

ছোট পর্দার দর্শকপ্রিয় মুখ ইরফান সাজ্জাদ ও তানিয়া বৃষ্টি। দীর্ঘ ক্যারিয়ারে জুটি হয়ে তারা বেশকিছু নাটকে অভিনয় করেছেন। এই জুটির নাটকগুলো দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে চলতি বছর (২০২৪) ছিলো এই জুটির জন্য বেশ সফল।

তারই ধারাবাহিকতায় বছরের শেষ দিনেও এই জুটি হলেন খবরের শিরোনাম। তারা জানান, বছরের একেবারে শেষ প্রান্তে এসে জুটি বেঁধেছেন ‘প্রেমেতে বাঁধিবো’ নামের একটি একক নাটকে। এটি রচনা ও পরিচালনা করেছেন সম্রাট জাহাঙ্গীর।

মজার তথ্য হলো শুটিং বছর শেষে করলেও এটি উন্মুক্ত হবে নতুন বছরের প্রথম নাটক হিসেবে। এটি ২ জানুয়ারি বিকাল ৩টায় ফিল্ম ফ্যাক্টরির ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে বলে জানিয়েছেন নির্মাতা।

নতুন বছরের প্রথম নাটক প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন, ‘ভিন্ন গল্পের একটি নাটক। কাজ করে ভালো লেগেছে। নতুন বছরের প্রথম কাজটি আশা করছি সবার ভালো লাগবে।’

আরেকটি দৃশ্যে বৃষ্টি ও ইরফানপরিচালক সম্রাট জাহাঙ্গীর বলেন, ‘বর্তমান সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই নির্মাণ করেছি। এই কাজটিও তার ব্যতিক্রম হয়নি। রোমান্টিক গল্পের প্রতি দর্শকদের অন্যরকম ভালো লাগা আছে। নতুন বছরে ভিন্ন ধরনের একটি গল্প নিয়ে এসেছি দর্শকদের জন্য।’

‘প্রেমেতে বাঁধিবো’ নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, শশী আফরোজা, তানজিম হাসান অনিক প্রমুখ।