বছরের প্রথম দিনে নতুন প্রত্যয় প্রকাশ করে আত্মপ্রকাশের বার্তা দিলো বিনোদনভিত্তিক ইউটিউব চ্যানেল ‘অ্যালার্ট বাংলাদেশ’। এর আনুষ্ঠানিক যাত্রা হলো ‘নারী’ ও ‘ডানপিটে ছেলে’ নামের দুটি চলচ্চিত্রের টিজার প্রকাশের মাধ্যমে।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দুটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আমান রেজা, কাজী নওশাবা আহমেদ, মো. ইকবাল হোসেন, এল আর খান সীমান্ত, পূর্ণিমা বৃষ্টি, সঞ্চিতা দত্ত, সালমান কায়সার রানা, মো. মাসবাউল মণ্ডল সোহান, তৌহিদুল ইসলাম তাইফ প্রমুখ।
আবদুল্লাহ জহির বাবুর গল্পে চলচ্চিত্র দুটি নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান। ফাইট পরিচালনা করেছেন এডওয়ার্ড ফ্রান্সিস গোমেজ ও এআর রোমেল। কাজ দুটি প্রযোজনা করেছেন খসরু পারভেজ রুমী। ক্যামেরায় ছিলেন লিটন আর সম্পাদনায় কামরুল হাসান ফুয়াদ।
এ প্রসঙ্গে চিত্রনায়ক আমান রেজা বলেন, ‘নতুন বছরে নতুন দুটি কাজ পেতে যাচ্ছেন দর্শকরা। পরিচালকের সঙ্গে প্রথম কাজ হলেও পুরো টিম দারুণ করেছেন। এ সময়ের দর্শকদের চাহিদা অনুযায়ী কনটেন্ট দুটি নির্মিত হয়েছে। ভিন্ন ঘরানার দুটি কাজ আসতে যাচ্ছে। সবাই অ্যালার্ট বাংলাদেশের সঙ্গে থাকবেন।’
নিজেদের আত্মরক্ষার গল্প তুলে ধরা হয়েছে জানিয়ে নওশাবা বলেন, ‘‘আমার করা অন্যরকম একটি কাজ ‘নারী’। বিশেষ করে নারীদের এই কাজটি দেখা উচিত। কারণ, এটি দেখলে নারীরা বুঝতে পারবে কিভাবে তাদের আত্মরক্ষা করতে হবে। আমি যোদ্ধা, কামব্যাক করে আজ এখানে দাঁড়িয়ে আছি। এভাবেই মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকতে চাই। নতুন বছরে দর্শকরা দারুণ দুটি কাজ পেতে যাচ্ছেন।’’
চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু বলেন, ‘আমরা একটা অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। যে কোনও সময়, যে কোনও জায়গায় ছোট একটি ঘটনা থেকে বড় কিছু ঘটে যেতে পারে। অ্যালার্ট বাংলাদেশ বিভিন্ন কনটেন্টের মাধ্যমে দর্শকদের প্রশিক্ষিত করতে চায়। নিজেদের আত্মরক্ষা কিভাবে করা যায়, তাই এই ইউটিউব চ্যানেলে কাজের মাধ্যমে তুলে ধরা হবে।’
প্রযোজক খসরু পারভেজ রুমী জানান, চলতি মাসেই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দুটি অ্যালার্ট বাংলাদেশের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।