প্রায় পাঁচ বছর আসছে না ব্যান্ড সোলস-এর নতুন গান। তবে সোলস ভক্তদের জন্য সুখবর হচ্ছে পহেলা বৈশাখে নতুন একটি গান প্রকাশ পাচ্ছে ভিডিও আকারে। সোলসের সিঙ্গেলস গানটির শিরোনাম ‘চাই চাই’। এটি লিখেছেন শেখ রানা।
দীর্ঘ বিরতির পর গান প্রকাশ প্রসঙ্গে সোলস তারকা পার্থ বড়ুয়া বলেন, ‘আমাদের নতুন অ্যালবামের জন্য বেশ ক’টি গান তৈরি করেছি। কিন্তু এখনই অ্যালবাম প্রকাশ করছি না। পহেলা বৈশাখ উপলক্ষে সোলস ভক্তদের জন্য নতুন একটি গান উপহার দিতে যাচ্ছি। আশা করছি নতুন গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
তিনি আরও বলেন, ‘এখন থেকে প্রতি মাসেই সোলসের একটি করে ভিডিও গান প্রকাশ করার ইচ্ছা আছে। কারণ শ্রোতারা এখন গান শোনার পাশাপাশি দেখতেও ভালোবাসে। আমরা শ্রোতাদের নিরাশ করতে চাই না।’
এরই মধ্যে সোলস এর তিনটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। ‘চাই চাই’ গানটি এপ্রিলের প্রথম সপ্তাহে পার্থ বড়ুয়ার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানালেন।
উল্লেখ্য, ২০১১ সালে সোলস-এর সর্বশেষ অ্যালবাম ‘জ্যাম’ প্রকাশ পায়।