২০২৪ সালে ছাত্র জনতার আন্দোলনে যেসব গান আন্দোলনকারীদের প্রেরণা জুগিয়েছিল, উদ্বুদ্ধ করেছিল এদেশের সব শ্রেণীর মানুষকে, সেসব গান এবার এক মলাটে পাওয়া যাবে।
আলোকচিত্রী ও অ্যাকটিভিস্ট মনজুর হোসেনের উদ্যোগে ‘জুলাইয়ের গান’ শিরোনামে এই বইটি প্রকাশ হতে যাচ্ছে।
মনজুর হোসেন জানালেন, বইটি ২৪ এর গণঅভ্যুত্থানের গানের সংকলন। আগামী প্রজন্মের কাছে সময়ের দলিল হিসেবে ধরে রাখতে তিনি বইটি প্রকাশের উদ্যোগ নিয়েছেন।
২০২৪ সালের জুলাইয়ে ঢাকার রাস্তায় শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন চালায় এ দেশের নিরাপত্তা বাহিনী। শিক্ষার্থীরা তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেন। ঠিক সেই সময়ে ‘কথা ক’ শিরোনামে একটি গান প্রকাশ করেন বাংলাদেশি র্যাপার মোহাম্মদ সেজান। বাংলা ভাষায় গাওয়া এই গান দ্রুত তরুণদের মুখে মুখে ছড়িয়ে পড়ে। নতুন প্রতিবাদের প্রতীকে পরিণত হয়। এর বাইরে আরও বেশ কয়েকটি গান তখন এদেশের মানুষকে সাহস যোগায়। ১৫ জুলাই থেকে আগস্ট পর্যন্ত যেসব গান প্রকাশিত হয়েছে সেখান থেকে ৬৩ গানের সংকলন এই ‘জুলাইয়ের গান’।
মনজুর হোসেন বলেন, ‘ইতিহাসের বাঁকে বাঁকে বিভিন্ন গণ আন্দোলনে সংগীতের ভূমিকা আছে। উপমহাদেশে তেভাগা আন্দোলনে যেমন হেমাঙ্গ বিশ্বাস ও সলিল চৌধুরীসহ অনেকের গান কৃষকদেরকে উজ্জীবিত করেছে, তেমনি বঙ্গভঙ্গ, স্বদেশী আন্দোলন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় অনেকের গান প্রতিবাদী জনতাকে আন্দোলনে শক্তি, সাহস ও অনুপ্রাণিত করেছে। মুক্তিযুদ্ধের সময়ও অনেক প্রতিবাদী গান মুক্তিযোদ্ধাদের অসীম সাহস নিয়ে সম্মুখ সমরে প্রতিরোধ গড়ে তুলতে ভূমিকা রেখেছে। চব্বিশের গণঅভ্যুত্থানেও গানের ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই। এবারের আন্দোলনের সেসব গান এক মলাটে রাখার চিন্তা থেকে এই বইয়ের উদ্যোগ।’