দেশের অন্যতম প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি এখন ১০ মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেলে পরিণত হয়েছে। ২০ আগস্ট রাতে এই মাইলফলক ছুঁয়েছে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ইউটিউব চ্যানেল (https://www.youtube.com/@CMV)। যা বাংলাদেশের ইতিহাসে নতুন রেকর্ড। কারণ, শুধু নাটকের চ্যানেল হিসেবে এই অর্জন এখন শুধুই সিএমভি’র ঘরে।
২০১৬ সালের ৮ জানুয়ারি শূন্য সাবস্ক্রাইবার দিয়ে শুরু হয় সিএমভি নামের চ্যানেলটির পথচলা। এরপর গত ৯ বছরে চ্যানেলটিতে প্রকাশ পেয়েছে বড় বাজেট, তারকাবহুল ও গল্পসমৃদ্ধ মানসম্মত অসংখ্য নাটক, টেলিছবি ও সিরিজ।
দর্শকদের এমন ভালোবাসায় আপ্লুত প্রতিষ্ঠানটির প্রধান এসকে সাহেদ আলী পাপ্পু। তিনি বলেন, ‘শূন্য থেকে শুরু করে ১০ মিলিয়ন— সত্যি বলতে এই পথ কখনোই সহজ ছিল না। কিন্তু এই কঠিন পথ পাড়ি দিয়েই আজ সিএমভি এতোদূর। আর এই যাত্রায় সবসময় আমরা পাশে পেয়েছি দেশের সকল শিল্পী এবং কলাকুশলীদের। সবার পরিশ্রম আর ঘামের যোগফলে সিএমভি গড়ে উঠেছে। দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছে। আমি ধন্যবাদ দিতে চাই, প্রতিটি অভিনয়শিল্পী, নাট্যকার, নির্মাতা এবং নেপথ্যের কারিগরদের।
আমি ধন্যবাদ দিতে চাই, প্রতিটি কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার ও বাদ্যযন্ত্রীদের। আমি ধন্যবাদ দিতে চাই সকল সাংবাদিক ভাইদের। আমি ধন্যবাদ দিতে চাই, সিএমভির প্রতিটি কর্মী, শুভাকাঙ্ক্ষী এবং ভালোবাসার মানুষকে।’
তিনি আরও বলেন, ‘বলতে দ্বিধা নেই, আমি শুধু স্বপ্ন দেখেছি, কিন্তু আমার স্বপ্নকে সত্যি করতে প্রতিটি মানুষ হৃদয় দিয়ে চেষ্টা করে গেছেন। এতোগুলো সুন্দর হৃদয়ের চেষ্টা কখনও বিফলে যেতে পারে না। তাই সিএমভি আজ দর্শকের এতো কাছাকাছি। আমি সবার কাছে কৃতজ্ঞ। এই সাফল্য আমার একার নয়—সবার।’
এই প্রযোজক মনে করছেন, ১০ মিলিয়ন সাবস্ক্রাইবারের যে অর্জন সেটি তার স্বপ্নযাত্রার প্রথম ধাপ। একসঙ্গে আরও অনেকটা পথ এভাবে পাড়ি দিতে চান। সবাইকে নিয়ে বাংলা নাটকের ইতিহাসে আরও কিছু পালক যুক্ত করতে চান এই প্রযোজক।
সিএমভি’র ইউটিউব চ্যানেলের এই অর্জনে বুধবার (২০ আগস্ট) মধ্যরাত থেকে উচ্ছ্বাস প্রকাশ করছেন টিভি ইন্ডাস্ট্রির বেশিরভাগ শিল্পী-নির্মাতা-কুশলী।
জ্যেষ্ঠ অভিনেতা লুৎফর রহমান জর্জ এক ভিডিওবার্তায় বলেন, ‘আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, প্রতিষ্ঠানটির প্রধান পাপ্পু ভাই শুধু ব্যবসার জন্য এই কাজটি করেন না। তার ভেতরে কাজটার প্রতি দরদ আছে। তারই ফলাফল এই ১০ মিলিয়ন সাবস্ক্রাইবার। আমি বিশ্বাস করি, তিনি এভাবে কাজ করে যাবেন।’
মুশফিক আর ফারহান বলেন, ‘এটা শুধু সিএমভির অর্জন নয়, আমি মনে করি পুরো ইন্ডাস্ট্রির প্রাপ্তি। প্রতিষ্ঠানটি শুরু থেকে এখনও যে মান ধরে রেখেছে, সেটি অব্যাহত থাকুক। সেটাই এই আনন্দক্ষণে সিএমভির প্রতি প্রত্যাশা।’
নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘‘এই প্রতিষ্ঠানটির প্রধান যিনি, তার ভেতরে একটা ড্রিম ছিলো এবং এখনও আছে। সেটা হলো সস্তা জনপ্রিয়তা বা ভাইরালের দিকে না ঝুঁকে মানসম্মত কাজ দিয়ে সবার মান জয় করা। আজকের এই অর্জন সেই মানের ওপর ভিত্তি করেই হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান পাপ্পু ভাই ইনভেস্টর নন, তিনি আসলে রিয়েল প্রযোজক-পরিবেশক। সেটা আমি ফিল করেছি একেবারে প্রথম কাজ থেকে। নিশো-তিশাকে নিয়ে বানিয়েছিলাম ‘একমুঠো প্রেম’। এর আগে আমি অনেক নাটক বানিয়েছি। কিন্তু এই নাটকটি বানাতে গিয়ে ফিল করলাম, একটি ভালো প্রোডাকশনের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান ও প্রযোজক। যাইহোক, তারই ফলাফল আজ আমরা দেখতে পেলাম ১০ মিলিয়নের মাইলফলক। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্যই একটা সুখবর। অভিনন্দন সিএমভি পরিবারের সবাইকে, অভিনন্দন নিজেকেও।’’
নাজনীন নিহা জানান, সিএমভি দিয়েই তার ক্যারিয়ারের শুরু। কারণ এই প্রতিষ্ঠান থেকেই প্রকাশ হয় তার প্রথম নাটক ‘লাভ সেমিস্টার’। তার ভাষায়, ‘কনগ্রেচুলেশন সিএমভি। এটা খুবই আনন্দের খবর। নাটকের চ্যানেলের মধ্যে প্রথম ১০ মিলিয়ন সাবস্ক্রাইবার! তাই পুরো ইন্ডাস্ট্রির জন্য খুশির খবর এটা। প্রতিষ্ঠানটির প্রধান পাপ্পু ভাই খুবই সিরিয়াস মানুষ। প্রতিটি প্রজেক্টে এমনভাবে মিশে থাকেন, এটাই এগিয়ে যাওয়ার মূল কারণ বলে মনে করি। সিএমভি আমার পরিবার। কারণ আমার শুরুটাই হয়েছে এই ঘর থেকে। ক্যারিয়ারের শুরুতে সেই প্রজেক্ট যদি সিএমভি আমাকে না দিতো, আমার স্টোরিটা এমন নাও হতে পারতো। আরেকটা কথা, এই প্রতিষ্ঠানে কাজ করা মানে এক্সট্রা কমফোর্ট ফিল করা।’
অভিনেতা ইয়াশ রোহান বলেন, ‘এটা শুধু সিএমভির বিষয় না। পুরো নাটক ইন্ডাস্ট্রির জন্যই এটা একটা খুশির খবর। এরজন্য ধন্যবাদ জানাই পাপ্পু ভাইকে। মূলত তার স্বপ্ন, শ্রম ও সততার মেলবন্ধনেই কিন্তু এই প্রতিষ্ঠানটি এগিয়ে চলেছে। এটা অব্যাহত থাকুক। সেই প্রত্যাশা।’
উল্লেখ্য, সিএমভি’র ভেরিফায়েড ফেসবুক পেইজটি আগেই ১০ মিলিয়ন ফলোয়ারের মাইলফলক অর্জন করেছে।