‘আগামীর কণ্ঠস্বর’ শ্লোগানে বাংলাদেশের প্রতিভাবান বাংলা গানের শিশু-কিশোরদের খোঁজে আরটিভি আয়োজিত ‘লিটল স্টার’ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার শিশু সেহমান ইসলাম।
১ম রানার-আপ হয়েছে যৌথভাবে দীপা রায় চৈতি ও সিফাত রিজওয়ান নাফী। ২য় রানার-আপ হয়েছে তাসবিহা আয়ান তানহা।
গ্র্যান্ড-ফিনালের জমকালো আয়োজনটি ১৩ ডিসেম্বর আরটিভিতে প্রচার হয়।
গ্র্যান্ড ফিনালের প্রধান অতিথি কণ্ঠশিল্পী খুরশিদ আলম বলেন, ‘আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ, এতো শিশু-কিশোর গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেখে আনন্দে আমার বুক ভরে উঠছে। তাদের মা-বাবাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, তারা যেন গানের সঠিক শিক্ষাটা পায়। গানের চর্চাটা যথাযথ ভাবে শিখে নেয়। তাহলেই তারা বড় মাপের শিল্পী হতে পারবে।’
উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদানের পাশাপাশি মনোনীতদের হাতে পদক তুলে দেন প্রতিযোগিতার ৩ জন বিচারক যথাক্রমে পপ সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ এবং এই প্রজন্মের দুই কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা ও জিনিয়া জাফরিন লুইপা।
আরজু আহমেদের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ইমতু রাতিশ ও রুহানি সালসাবিল লাবণ্য।