নব্বই দশকের অন্যতম মডেল ও নৃত্যশিল্পী রিয়া চৌধুরী প্রায় দেড় দশক ধরে মিডিয়া থেকে আড়ালে আছেন। শুধু মিডিয়া থেকে নয়, ছিলেন দেশের বাইরেও। তারচেয়ে বড় কথা, তিনি প্রায় হারিয়েই গিয়েছিলেন। কারণ, তার দেখা দীর্ঘদিন কেউ পাচ্ছিলেন না।
অবশেষে সেই রিয়া দেখা দিলেন। সম্প্রতি স্বল্প সময়ের সফরে বাংলাদেশে এসেছেন। বর্তমানে তিনি স্বামী ও সন্তানদের সঙ্গে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন।
জানা গেছে, গত ২৫ ডিসেম্বর বাংলাদেশে আসেন রিয়া। দেশে ফেরার আগে তিনি যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করেন। ঢাকায় অবস্থানকালে গত ৫ জানুয়ারি সন্ধ্যায় সোবহানবাগের একটি রেস্টুরেন্টে মিডিয়ার ঘনিষ্ঠজনদের নিয়ে একটি আড্ডায় অংশ নেন তিনি।
ওই আড্ডায় রিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান, মডেল সাদিয়া ইসলাম মৌ, ফ্যাশন হাউস বিশ্বরঙের স্বত্বাধিকারী বিপ্লব সাহা এবং নৃত্যশিল্পী তান্না খান। রিয়ার ঢাকায় আসা উপলক্ষে এই আড্ডার আয়োজন করা হয় বলে জানান বিপ্লব সাহা।
বলা দরকার, নব্বই দশকে একটি জনপ্রিয় বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে আলোচনায় আসেন ফারজানা রিয়া চৌধুরী। ‘কী মিষ্টি মিষ্টি অপলক দৃষ্টি’ জিঙ্গেলের সেই বিজ্ঞাপন তাকে রাতারাতি পরিচিত করে তোলে। তিনি দেশের অন্যতম নৃত্যশিল্পী হিসেবেও ব্যস্ত ছিলেন তখন। পরবর্তীকালে অভিনয়ে যুক্ত হলেও বিয়ের পর ধীরে ধীরে শোবিজ থেকে নিজেকে গুটিয়ে নেন এই তারকা মডেল।