নন্দিত অভিনেত্রী-নির্মাতা আফসানা মিমির বয়স ৫৭ বছর পূর্ণ হয়েছে গত ২০ ডিসেম্বর। প্রতি বছর এই দিনটি শুরু করেন ঢাকার ইস্কাটনের হলি ফ্যামিলি হাসপাতালে। সেখানে সেদিন যেসব শিশুর জন্ম হয়, তাদের পরিবারের অজান্তেই কিছু উপহার দিয়ে আসেন।
বছরের পর বছর নীরবেই এই কাজটি করে যাচ্ছেন তিনি। কিন্তু কেন? সেই নেপথ্যের গল্পটিই সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বিতীয় মৌসুমের ষষ্ঠ পর্বে জানিয়েছেন আফসানা মিমি।
শনিবার, ১০ জানুয়ারি রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে এই বিশেষ পর্বটি।
রুম্মান রশীদ খানের সঞ্চালনায় দীর্ঘ এই পডকাস্টে আফসানা মিমি জানিয়েছেন তার জীবনের না বলা অনেক কথা। ‘মিমি’ চকোলেট খেতে ভালোবাসতেন বলে এই নামটি যে তার নিজের রাখা, সেই মজার গল্পটিও অকপটে স্বীকার করেছেন তিনি।
‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্ট প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।