২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (ডিআইএফএফ) সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমার পুরস্কার জিতেছে কিরগিজস্তানের সিনেমা ‘কুরাক’।
১৮ জানুয়ারি বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হয় ঢাকা উৎসবের সমাপনী অনুষ্ঠান। সেখানে পুরস্কারজয়ী সিনেমাগুলোর নাম ঘোষণা করা হয়।
এবার আজারবাইজানের ‘আ লোনলি পারসনস মনোলগ’ সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন এমিন আফানডিয়েভ। তাজিকিস্তান ও ইরানের যৌথ প্রযোজনার সিনেমা ‘ফিশ অন দ্য হুক’–এর জন্য স্পেশাল ম্যানশন অ্যাওয়ার্ড পেয়েছেন ইসফনডিয়র ঘুলোমভ। কিরগিজস্তানের আরেকটি সিনেমা ‘বার্নিং’–এর জন্য সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন দস্তান মাডেলিয়েভ ও আইজাদা বেকবালেয়েভা। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ইয়েরলান টুলেতি (অ্যাবেল) ও সেরা অভিনেত্রী ফারিবা নাদেরি (দ্য হাজব্যান্ড)।
এবারের উৎসবে অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার যৌথ প্রযোজনার সিনেমা ‘ড্রেইন্ড বাই ড্রিমস’। ছবিটি পরিচালনা করেছেন শেখ আল মামুন। অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে চীনের সিনেমা ‘অল কোয়াইট অ্যাট সানরাইজ’। শিশু চলচ্চিত্র বিভাগে বাদল রহমান পুরস্কার জিতেছে চীনের সিনেমা ‘কুইটং অ্যান্ড কুইহুয়া’। ওয়াইড অ্যাঙ্গেল বিভাগে পুরস্কার পেয়েছে এস্তোনিয়া, জার্মানি ও লাটভিয়ার যৌথ প্রযোজনার সিনেমা ‘লায়নেস’।
উইমেন ফিল্মমেকার বিভাগে স্পেশাল মেনশন পুরস্কার পেয়েছে ফিলিপাইনের সিনেমা ‘বিনিথ দ্য ব্রিজ’। এই বিভাগে সেরা নির্মাতার পুরস্কার জিতেছেন কিরগিজস্তানের আইজাদা বেকবালেভা (দ্য সেভেন মানথ)। সেরা স্বল্পদৈর্ঘ্য সিনেমার পুরস্কার জিতেছে জার্মানি, পর্তুগাল ও রোমানিয়ার যৌথ প্রযোজনার ‘লিটল সিরিয়া’। বেস্ট ফিকশন ফিল্ম অ্যাওয়ার্ড জিতেছে রাশিয়ার ‘ফ্রম স্ক্র্যাচ’।
রবিবার সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন উৎসব কমিটির নির্বাহী সদস্য জালাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের কালচারাল কাউন্সিলর লি শিয়াও পেং, ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক সেরে শার্লেট, আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার ডিরেক্টর ফ্রাঁসোয়া শঁব্রো।
সমাপনী অনুষ্ঠানে গান পরিবেশন করেন আহমেদ হাসান সানি।